শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব বড় সোনামুখি আবুল হোসেন রাঢ়ী'র ক্রয়কৃত জমিতে থাকা কুটাপারা জোরপূর্বক ভাংচুর ও জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগে উঠেছে।
এ নিয়ে গত ২১ এপ্রিল আবুল হোসেন রাঢ়ী বাদী হয়ে আদালতে একটি মামলা করেছেন।
মামলায় বিবাদী করা হয়েছে রুদ্রকর ইউনিয়নে ৬নং ওয়ার্ডের বাসিন্দা হাসান আহাম্মদ রাঢ়ী, ইমান হোসেন রাঢ়ী, জয়নাল রাঢ়ী, সোলাইমান রাঢ়ী ও মো.সরোয়ার উদ্দিন রাঢ়ী সহ মোট পাঁচ জনকে। শরীয়তপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে, বাদী পক্ষে আবুল হোসেন রাঢ়ী মামলাটি দায়ের করেন। পরে প্রথম পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক ওই নালিশী জমিতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন।
বাদী পক্ষের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদী পক্ষ পেশিশক্তির বলে জোরপূর্বক জমি দখল করে রাস্তা নির্মাণের কাজ অব্যাহত রেখেছে। বাদী মো.আবুল হোসেন রাঢ়ী মামলার আরজিতে বলেন, বিবাদীরা প্রচলিত আইন-কানুনের কোনো ধার ধারেন না। যেকোনো ভাবে অন্যের বিষয়-সম্পত্তির ওপর অন্যায়ভাবে চাপ প্রয়োগ করে সম্পদ ও অর্থ আত্মসাৎ করাই তাদের নেশা। আরজিতে আরও বলা হয়, ১৯৮৫ সালের ২৮ সেপ্টেম্বর শরীয়তপুর সাবরেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ২৭৯০নং দলিলেমুলে ক্রয়সূত্রে এবং ১০২নং বড় সোনামুখি মৌজার বি,আর,এস ৬৯৪ খতিয়ানের মোট ৩ একর ৩০ শতাংশ জমি ৩৮৬০নং দাগে বাড়ী ২৩ শতাংশ ৩ দশমিক ৫০ শতাংশ জমি যাহার চৌহুদ্দি উওরে হালট, দক্ষিণে বাদীর নিজ বাড়ি, পূর্বে মোস্তফা রাড়ী ও পশ্চিমে আমির চৌকিদার। এই চৌহুদ্দি অনুযায়ী ৩ দশমিক ৫০ শতাংশ জমিতে ঘর-বাড়ী নির্মান করে রেকর্ডীয় মালিক হয়ে ভোগদখলে আছেন মামলার বাদী মোহাম্মদ আবুল হোসেন রাঢ়ী।
আরজিতে আরও বলা হয়, তফশিল বর্নিত ভূমি ১৯৮৫ সালে ২৭৯০নং দলিলমুলে এবং বি,আর,এস রেকর্ডীয় মালিক থাকা শর্তেও বিবাদী হাসান আহাম্মদ রাঢ়ী সহ অন্যান্য বিবাদীরা ঐ জমিতে জোরপূর্বক ভোগদখল করে মামলার বাদী আবুল হোসেন রাঢ়ীকে বিভিন্ন ভয়ভীতি ও মেরে ফেলার হুমকি দিয়ে আসছেন।
সরেজমিন গিয়ে দেখা যায়, বাদী পক্ষের দাবিকৃত সম্পত্তিতে অবস্থিত একটি কুটাপারা ভেঙ্গে বিবাদী হাসান আহাম্মদ রাঢ়ী সহ সকলেই ঐ সম্পত্তিতে জোরপূর্বক রাস্তা নির্মান করে রেখেছেন। এবেপারে বিবাদের জিজ্ঞেস করলে তারা ঐ সম্পত্তির উপযুক্ত কোন দলিল বা প্রমান গণকণ্ঠ'কে দেখাতে পারেনি।
এ সময় বিভিন্ন উপায়ে সাংবাদিকদের ম্যানেচ করার চেষ্টাও করেন বিবাদী পক্ষ। তবে মামলার বাদী আবুল হোসেন রাঢ়ীর সঙ্গে কথা বলে জানা যায়, তাদের মধ্যে থাকা চাপা ক্ষোভ বা কষ্ট থাকলেও বিবাদীদের ভয়ে মুখ খুলে প্রকাশ্যে কিছু বলাতে পারছেন না। এই জমির বিষয়ে কোন কিছু বল্লে বা প্রতিবাদ করলেই হয়তো সংঘর্ষের সৃষ্টি হতে পারে, তাই নিরুপায় হয়ে শরীয়তপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেছেন।
এবেপারে পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মেজবাহ উদ্দিন জানান, শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের বড় সোনামুখি গ্রামের আবুল হোসেন রাঢ়ী ব্যাক্তিগত রাস্তা নির্মাণ কাজের বিরুদ্ধে আদালতের একটি আদেশ থানায় এসেছে। আদেশের দখলীয় প্রতিবেদন দেবেন শরীয়তপুর সদর এসি ল্যান্ড (সহকারী কমিশনার ভূমি) এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য আমাকে বলা হয়েছে। আদেশের কপি পেয়ে আমি সরেজমিনে নোটিশ জারি করেছি। কোন পক্ষ আদালতের আদেশ অমান্য করলে এবং এবেপারে আমাদের নিকট কেউ অভিযোগ করলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে রুদ্রকর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মো.হানিফ সরদার আরো জানান, এলাকার স্থায়ী বাসিন্দা আবুল হোসেন রাঢ়ীর ছেলে নবীর হোসেন আমাকে ফোন করে তাদের জায়গায় রাস্তা তৈরির বিষয়টি জানিয়েছিলেন, ঐ মূহুর্তে আমি বিবাদীদের নিকট জিজ্ঞেস করলে তারা ঐ জমির অংশীদার এবং তারা তাদের নিজেদের জায়গায়ই রাস্তা তৈরি করছেন বলে দাবি করে আমাকে জানান, এরপরে বিষয়টি এলাকায় সমাধান না হওয়ায় আবুল হোসেন রাঢ়ী কোর্টে গিয়ে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আমরা এবিষয়ে দুই পক্ষকে নিয়েই বসে সমাধান করার চেষ্টা করবো।