নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২১ জনকে বাংলাদেশে পুশইন করেছে। তাদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গের এবং ২ জন পুরুষ রয়েছেন। বিজয়পুর বিওপির ১১৪৮/৪ এস পিলারের কাছ থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আড়াপাড়া এলাকায় তাদের পুশ-ইন করা হলে, বিজিবি সদস্যরা তাদের আটক করে।
আটকদের বাড়ি ঢাকা, চট্টগ্রাম, রাজবাড়ী, পটুয়াখালী, মৌলভীবাজার, জামালপুর, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায়।
বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর ৫টার দিকে নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে তাদেরকে পুশ-ইন করা হয় বলে জানিয়েছেন নেত্রকোনা ৩১ বিজিবির বিজয়পুর ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম।
তিনি জানান, হাবিলদার আব্দুল করিমের নেতৃত্বে সীমান্তে টহলরত একটি দল আড়াপাড়া এলাকা থেকে বিএসএফ কর্তৃক পুশ-ইন করা ২১ জনকে আটক করে।
জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আটক ব্যক্তিরা এক সপ্তাহ থেকে সাত বছরের মধ্যে বিভিন্ন সময়ে দিল্লিতে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন। তাদেরকে দিল্লির বিভিন্ন এলাকা থেকে একত্রিত করে গতকাল নাজিরাবাদ বিমানবন্দর দিয়ে বিমানে করে আসামে নেওয়া হয়। পরে আজ ভোরে বিএসএফ তাদের বিজয়পুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়।
আটকদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হবে বলে বিজিবির ওই কর্মকর্তা জানান।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম