নেত্রকোনার মদন উপজেলায় নুরু ফকির (৩৫) ও তার সহযোগী সালেহা আক্তারকে(২৫) গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে চটকবাজি ও ছলচাতুরি করে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
বুধবার (১৮ মে) বিষয়টি নিশ্চিত করেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফেরদৌস আলম। গ্রেফতারকৃত নুরু ফকির পাচহাট বড়বাড়ি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ও তার সহযোগী সালেহা আক্তার মৃত মজিদ মিয়ার মেয়ে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত নুরু ফকির গত ১৬ এপ্রিল দিবাগত রাতে এক কৃষকের বাড়িতে গিয়ে চটকবাজি দেখিয়ে কৃষকের স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়। এসময় কৃষকের ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। পরবর্তীতে কৃষক তার স্ত্রীসহ নগদ টাকা উদ্ধারে চটকবাজ নুরু ফকির ও তার বোন মালেহা আক্তার এবং কৃষকের স্ত্রী সালেহা আক্তারকে আসামী করে মদন থানায় একটি মামলা দায়ের করে।
মামলার পরিপ্রেক্ষিতে মদন থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ মে রাতে অভিযান চালিয়ে পাচহাট বড়বাড়ি এলাকা থেকে নুরু ফকির ও তার সহযোগী সালেহা আক্তার কে গ্রেফতার করে পুলিশ ।
এ বিষয়ে জানতে চাইলে, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফেরদৌস আলম বলেন, নুরু ফকির ও সালেহা আক্তারকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। দুজনকে নেত্রকোনা আদালতে পাঠানো হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম