নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদীতে লাকড়ি ধরতে নেমে জিহাদ মিয়া (১৪) নামের এক মাদ্রাসাছাত্র নিঁখোজ হয়েছে।
সোমবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কামারখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিক্ষার্থী একই ইউনিয়নের ভবদেবপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষার্থী জিহাদ ঢাকার একটি মাদ্রাসায় পড়াশুনা করতো। রোববার (৩ এপ্রিল) সে ঢাকা থেকে বাড়িতে আসে। সোমবার সকালে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেলে স্থানীয়দের সাথে নদীতে লাকড়ি ধরতে নামে জিহাদ।
লাকড়ি ধরার একপর্যায়ে সে নিখোঁজ হয়। বিষয়টি স্থানীয়রা দেখে জিহাদের পরিবার ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আসে। নিখোঁজের ৩ ঘণ্টা পার হয়ে গেলে এখনো সন্ধান পাওয়া যায়নি শিক্ষার্থী জিহাদের।
দুর্গাপুর ফায়ার স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। ময়মনসিংহ থেকে ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে তার আসলে উদ্ধারকাজ শুরু হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম