ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের সদ্যঘোষিত কমিটিতে ধর্মবিষয়ক সম্পাদক পদে নিজের নাম অন্তর্ভুক্তির বিষয়টি অস্বীকার করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়ন শাখার সভাপতি এস এম মঞ্জুরুল ইসলাম।
ওই কমিটির সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই দাবি করে নিজের অবস্থান পরিষ্কার করতে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সালথা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে এস এম মঞ্জুরুল ইসলাম বলেন, সদ্যঘোষিত সালথা উপজেলা যুবলীগের কমিটিতে ধর্মবিষয়ক সম্পাদক পদে যে নাম উল্লেখ করা হয়েছে, সেটি তাঁর নয়। তিনি এ পদ গ্রহণ করেননি এবং এ বিষয়ে কারও সঙ্গে কোনো আলোচনাও করেননি।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা এর কোনো অঙ্গসংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তাঁর সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং ভবিষ্যতেও এ দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকবেন। যুবলীগের কমিটিতে তাঁর নাম রয়েছে—এমন তথ্য থেকে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ কারণে নিজের অবস্থান স্পষ্ট করতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।
এ সময় সংশ্লিষ্ট কমিটিতে তাঁর নাম অন্তর্ভুক্তির বিষয়টি খতিয়ে দেখা এবং এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বক্তব্য জানতে ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু ও যুগ্ম আহ্বায়ক খান মো. শাহ সুলতান রাহাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম