ফরিদপুরের সালথায় গরু চুরি করতে এসে স্থানীয়দের ধাওয়া খেয়ে ট্রাক ফেলে পালিয়েছে চোরের দল। পরে এলাকাবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোররাতের দিকে উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টা ৪৫ ঘটিকার সময় সাড়ুকদিয়া গ্রামের বাসিন্দা রণ গোপাল (৫৫) এর গোয়ালঘরে ঢুকে অজ্ঞাতনামা চোরেরা গরু চুরির চেষ্টা চালায়। এ সময় বাড়ির একজন বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসে। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে চোরেরা গরু ফেলে দ্রুত পালিয়ে যায়।
তবে চোরেরা পালানোর সময় চুরির কাজে ব্যবহৃত নিয়ে আসানএকটি ট্রাক ঘটনাস্থলে ফেলে রেখে চলে যায়। ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ড-১৪-০৪১৯ বলে জানা গেছে। পরে ঘটনাস্থলে জড়ো হওয়া উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই ট্রাকটি আগুনে পুড়ে যায়।
খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। চুরি চেষ্টার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় সম্প্রতি গরু চুরির ঘটনা বেড়েছে। এতে করে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে রাত কাটাচ্ছেন। তারা প্রশাসনের কাছে দ্রুত চোর চক্রকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম