ফরিদপুরের সালথায় মোটরসাইকেল ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে জিহাদ মোল্লা (২০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক।
বুধবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের ফরিদপুর-সালথা সড়কের কসবাগট্টি চেয়ারম্যান বাড়ির রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ কৈজুরী ইউনিয়নের ঘোড়াদহ গ্রামের কাইয়ুম মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে প্রধান সড়ক দিয়ে পূর্ব দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে চেয়ারম্যান বাড়ির রাস্তা থেকে আসা নছিমনের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি রাস্তার উপর ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা জিহাদ মোল্লা, সোহেল শেখ ও বন্যা আক্তার (১৪) আহত হয়।
আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে জিহাদ মোল্লা মারা যায়। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে লোকজন আসার আগেই ঘাতক নছিমন চালক নছিমন নিয়ে পালিয়ে গেছে বলে জানা গেছে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক বলেন, মোটরসাইকেল ও নছিমন দুর্ঘটনায় জিহাদ নামে একজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছে। ঘটনাস্থল থেকে ভাঙ্গা মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম