বাগেরহাটের শরণখোলায় বৃহস্পতিবার সকালে অস্বচ্ছল ও দরিদ্র নারীদের মাঝে পুষ্টি মিশ্রিত চাল ও ভিডব্লিউবি কর্মসূচির কার্ড অনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এনডিসি।
শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন শরণখোলা থানার ওসি ইকরাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রায়েন্দা ইউপি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান স্বপন, রায়েন্দা ইউপি সদস্য বাদল জোমাদ্দার, জালাল আহম্মেদ রুমি, বিআরডিবি চেয়ারম্যান জিয়াউল হাচান তেনজিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক বাবুল দাস।
শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নে মোট ২৯০৫ জন উপকারভোগী নারীকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভিডব্লিউবি কর্মসূচির আওতায় প্রতিমাসে জনপ্রতি ৩০ কেজি করে পুষ্টি মিশ্রিত চাল দেয়া হবে বলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জানান।