যশোরের চৌগাছা সীমান্ত থেকে ১৪ কেজি ৪৫০ গ্রাম ওজনের ১শ’ ২৪ টি স্বর্ণের বারসহ শাহ আলম (৩৫) নামে এক চোরাচালান কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড অফ বাংলাদেশ( বিজিবি) যশোর ব্যাটালিয়ন ৪৯।
উদ্ধার কৃত সোনার বাজার দর ১০ কোটি ১১ লক্ষ ৫০ হাজার টাকা। আটক শাহ আলম চৌগাছা উপজেলার কাবিলপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
উল্লেখিত বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী।
তিনি জানান, শুক্রবার সকালে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চৌগাছার কাবিলপুর সীমান্ত এলাকায় সোনার বার নিয়ে এক পাচারকারী অবস্থান করছেন। অবস্থান নিশ্চিত করে তাৎক্ষনিক শাহজাদপুর বিওপি’র টহলদলের সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক সাড়ে ৮টার দিকে বড় কাবিলপুর শ্মশানঘাট এলাকায় রাস্তার থেকে কৃষকের বেশে শাহ আলমকে দেখে সন্দেহের বশবর্তী হয়ে তার দেহ তল্লাশী করে কোমরের পিছনে বিশেষ ভাবে লুকিয়ে রাখা ১২৪ টি সোনার বার উদ্ধার করা হয়। একই সাথে শাহ আলমের মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
তিনি আরও জানান, এরআগেও শাহ আলম একাধিকবার সোনা পাচার করেছেন। যা বিজিবির কাছে স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা দিয়ে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম