যশোরের বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। নিহত ব্যক্তির নাম মগর আলী (৫৫)।
শনিবার (১৬ এপ্রিল) রাত ৮টার সময় এ ঘটনা ঘটে। নিহত মগর আলী কাগমারী গ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এলাকাবাসীরা জানায়, জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে কাগমারী গ্রামের আবুল হোসেনের লেদের দোকানের সামনে পাকা রাস্তার ওপর দুই ভাই আরব আলী (৬০) ও মগর আলীর মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে আরব আলী মগরকে মারধর করে। পরে মার খেয়ে বাড়িতে এসে তার দুই ছেলে হাসান আলী ও হোসেন আলী এবং নাতি ইয়াসিনকে ডেকে নিয়ে যায়। এ সময় দুই পক্ষের লোকজনের মধ্যে মারমারি শুরু হয়।
একপর্যায়ে আরব আলীর ছেলে হারুন (৪৫) এবং নাতি রুবেল (২৭) চাচা মগর আলীর পেটে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করে। ঘটনাস্থলে হাসান আলী (৪০) ও ছেলে ইয়াসিন (১৬) মারাত্মকভাবে আহত হন। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক। এরপর উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের অবস্থা খারাপ হওয়ায় সেখান থেকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে মগর আলীর মৃত্যু হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া ভাতিজার হাতে চাচা খুনের বিষয়টি স্বীকার করে জানান, মারামারির খবর পাওয়ার পর ঘটনাস্থলে ফোর্স পাঠাই। এ ঘটনায় থানায় মামলা করা হলে অপরাধীকে আটক করে আইনের আওতায় আনা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম