ভোট দিয়েছেন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে নৌকার মেয়রপ্রার্থী তালুকদার আব্দুল খালেক। আজ সোমবার সকাল ৯টায় মহানগরীর ২২ নং ওয়ার্ডের পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে তিনি ভোট দেন।
এ সময় তার সঙ্গে স্ত্রী বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাবিবুর নাহারও ভোট দেন। ভোট দিয়ে আব্দুল খালেক বলেন, ‘ফলাফল যাই হোক আমি মেনে নেব।’
নৌকার মেয়রপ্রার্থী আরও বলেন, ‘যদিও ইভিএমে ভোটদানের গতি একটু স্লো, তাই যারা কেন্দ্রের ভেতরে উপস্থিত থাকবেন তারা শেষ সময় পর্যন্ত ভোট দিতে পারবেন।’
প্রসঙ্গত, খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে আরও নির্বাচন করছেন লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির (জাপা) শফিকুল ইসলাম মধু, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল ও গোলাপ ফুল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাকের পার্টির এস এম সাব্বির হোসেন। এছাড়া টেবিল ঘড়ি প্রতীকে স্বতন্ত্রপ্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিকও ভোটের লড়াইয়ে রয়েছেন।
এই সিটিতে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিয়েছেন ১৭৭ জন প্রার্থী। দুইজন কাউন্সিলর প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম