ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে মাথায় ডিম, বালি ও পানি মেরে জন্মদিন উদযাপন করেছে বহিরাগতরা।
শনিবার (৫ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বহিরাগত বেশকয়েকজন যুবক তাদেরই এক বন্ধুকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সামনে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে মাথায় ডিম, বালি ও পানি ছুঁড়ে জন্মদিন উদযাপন করে। এরা সবাই ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের প্রক্টর অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। তারা ভবিষ্যতে এমন কাজ আর করবে না বলে ক্ষমা চায়। পরে তাদের থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে ছেড়ে দেওয়া হয়।
এদিকে ক্যাম্পাসে দিন দিন বহিরাগতদের উৎপাত বেড়েই চলেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আবাসিক এলাকা থেকে শুরু করে খেলার মাঠ সর্বত্রই বহিরাগতদের অবাধ চলাফেরা। ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা না নেওয়ায় প্রতিনিয়ত এ ধরনের ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ করেছেন একাধিক শিক্ষার্থী।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ভবিষ্যতে বহিরাগতরা যাতে প্রবেশ করতে না পারে সেটা আমরা দেখব। বহিরাগতদের শনাক্ত করতে পারলে তো ধরা যায়, অনেক সময় আমাদের প্রশাসনের লোকজন বহিরাগত কিনা প্রশ্ন করলে বিশ্ববিদ্যালয় নিয়মিত ছাত্ররা যারা তারা মন খারাপ করে। তবে আমরা চেষ্টা করছি যাতে বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করা যায়।
ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম