কুষ্টিয়ায়-ঝিনাইদাহ সড়কের কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়াতে ট্রাক ও ভ্যানের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই বিড়ি কারখানার শ্রমিক বলে জানা গেছে।
সোমবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের উপজেলার বটতৈল দক্ষিণপাড়া এলাকায় মন্ডল হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার স্বস্তিপুর এলাকার হজেল হোসেনের ছেলে ভ্যানচালক মুক্তার হোসেন (৫০), একই এলাকার আজিজুল হকের স্ত্রী জেসমিন (৩০), আলামপুর হালদারপাড়ার এলাকার ভাদু মোল্লার মেয়ে রোজিনা খাতুন (২৭) এবং হালদারপাড়ার মনোরঞ্জনের স্ত্রী স্বপ্না রানী (৪৫)।
এ ঘটনায় আহত কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের শরিফুলের স্ত্রী তহমিনা খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির আলম গণমাধ্যমকে জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল দক্ষিণপাড়া এলাকায় মন্ডল হোটেলের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে ঝিনাইদহগামী দ্রুতগাতির একটি ড্রামট্রাক বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী পাখিভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ চারটি উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এতে ভ্যানের একজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি ইদ্রিস আলী জানান, ড্রামট্রাকের চালক পলাতক। তবে ট্রাকটি পুলিশ আটক করেছে।
এর আগে গতকাল রবিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জেলার দৌলতপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। পরে এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে ট্রাকটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।