ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের নবীন শিক্ষার্থীকে র্যাগিংয়ের অভিযোগে উন্মুক্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আজ মঙ্গলবার তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের নবীন শিক্ষার্থী তাহমিন ওসমানের নিকট থেকে র্যাগিংয়ের অভিযোগ বিবেচনায় এনে উক্ত বিষয়ে সুষ্ঠু তদন্তের স্বার্থে একটি গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। উক্ত বিষয়ে কারো নিকট কোনো তথ্য থাকলে তা লিখিত আকারে আহ্বায়কের অফিসে আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।
এছাড়াও পৃথক বিজ্ঞপ্তিতে অভিযুক্ত হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মিজানুর রহমান ইমন, হিশাম নাজির শুভ, শাহরিয়ার হাসান পূলক ও সালাউদ্দিন সাকিব এবং ভুক্তভোগী তাহমিন ওসমানের অভিযোগের ভিত্তিতে আগামী শনিবার নিজস্ব বক্তব্য প্রদান করতে ব্যবসায় প্রশাসনের অনুষদ কক্ষে ডেকেছে তদন্ত কমিটি।
এর আগে গত শনিবার (০৯ সেপ্টেম্বর) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের নবীন শিক্ষার্থী তাহমিন ওসমানকে র্যাগিং ও মানসিকভাবে নির্যাতন করার অভিযোগে ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বরাবর অভিযোগ দেয়। লিখিত অভিযোগে বলা হয়, পরিচয়পর্ব শেখানোর নামে কয়েক দফায় তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম