কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীর ওপর অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মিতা খাতুন (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
আজ বুধবার (১৮ মে) বিকাল ৪টার দিকে ভেড়ামারা উপজেলার চন্ডিপুর এলাকায় খুলনা থেকে চিলাহাটিগামী রকেট ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন।
পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত গৃহবধূ মিতা খাতুন মিরপুর উপজেলার চক ধুবইল গ্রামের রিপন আলী প্রামাণিকের স্ত্রী।
বুধবার সন্ধ্যায় ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোছা. নারগিস খাতুন স্থানীয়দের বরাতদিয়ে বলেন, সম্প্রতি গত রমজানের মধ্যে মিতা খাতুনের ফোনে মেসেজ আসে ৫০হাজার টাকা দিলে এক লাখ টাকা পাওয়া যাবে। এরপর তিনি তার স্বামীকে না জানিয়ে ৫০ হাজার টাকা দেন। এ নিয়ে তার স্বামীর সাথে পারিবারিক কলহের সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, বুধবার বিকালে তিনি চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত প্রস্তুতি চলছে। গৃহবধূ পরিবার থেকে অভিযোগ দেয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম