কুষ্টিয়া ভেড়ামারায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় রিপন(২৮) নামের যুবক রক্তাক্ত জখমসহ গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
৫০ শয্যা বিশিষ্ট ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্স আবাসিক চিকিৎসক ডা: নুরুল আমীন জানান, ধারালো অস্ত্রের আঘাতে তার বাম পা মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে, তাছাড়াও ডান পা, দুই হাত, মাথা ও পিঠেসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম ছিলো। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার প্রয়োজনীয় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে নেয়ার পরামর্শ দেয়া হয়।
এঘটনায় ঘটনাস্থল থেকে উপজেলার চাঁদগ্রাম পশ্চিম পাড়ার সোহেল রানার ছেলে সায়েম(২০) নামের এক যুবকসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদ করতে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের মধ্য পাড়ার মসজিদ মোড়ের নুরজামানের ছেলে মো. রিপন ভেড়ামারা শহরের নওদাপাড়ায় তার নানার বাড়িতে বেড়াতে আসে। সোমবার দুপুরে রিপন নিজ বাড়িতে ফেরার পথে ঢাকা কোচ ষ্ট্যান্ড সংলগ্ন অটোরিকশা ষ্ট্যান্ডে এসে দাঁড়ায়। এসময় আকস্মাৎ ১০ জন যুবক দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। হামলাকারীরা রিপনকে উপর্যুপরি কুপিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে।
ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক (ওসি) মজিবুর রহমান বলেন, টাকা লেনদেন নিয়ে ও পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তসহ হামলাকারীদের ধরতে পুশিলী অভিযান চালানো হচ্ছে। এঘটনাকে কেন্দ্র করে চাঁদগ্রামে উত্তেজনা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়েছে। এঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম