বাসের হেলপারের সঙ্গে ঝামেলাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন গুরুতর আহত।
বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ১০ টার দিকে ক্যাম্পাসের পার্শ্ববর্তী শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাত ১২টার দিকে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এসময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেয় স্থানীয়রা।
জানা গেছে, ঝিনাইদহ জেলার গাড়াগঞ্জ এলাকা থেকে বাসে ওঠেন বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। বাসে জিনিসপত্র রাখা নিয়ে হেলপারের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে বাসটি শেখপাড়া পৌঁছালে শিক্ষার্থীরা হেলপারের ওপর চড়াও হন। পরে ওই হেলপার পাশের এক দোকানে ঢোকেন। এসময় হেলপারকে দোকান থেকে বের করতে গেলে দোকানদারের সঙ্গে কথাকাটাকাটি হয় শিক্ষার্থীদের। একপর্যায়ে ওই দোকানদার শিক্ষার্থীদের ওপর হামলা করেন। এসময় শিক্ষার্থীরের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের একপর্যায়ে স্থানীয়রা হকিস্টিক, লাঠি, চাপাতি নিয়ে অতর্কিতভাবে শিক্ষার্থীদের ওপর হামলা করেন। এসময় অন্তত শিক্ষার্থী, দোকানদার ও স্থানীয় বাসিন্দাসহ অন্তত ২০ জন আহত হন। এর মধ্যে পাঁচ শিক্ষার্থী গুরুতর আহত হন। তাদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে।
এ প্রতিবেদন লিখা পর্যন্ত স্থানীয়রা ক্যাম্পাসের পাশে ও শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলছি। পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। আশা করি দ্রুতই একটা সমাধানে পৌঁছানো সম্ভব হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম