ফেনসিডিল রাখার অপরাধে দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। রবিবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহীদুল্লাহ এ আদেশ প্রদান করেন। দন্ডিতরা হলো- মেহেরপুর সদর উপজেলার বামন পাড়া গ্রামের মতি মল্লিকের ছেলে মামুন মল্লিক ও টেংরামারী গ্রামের ইজালের ছেলে রবিউল ইসলাম। তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মোস্তফা শওকত জামান ও সঙ্গীয় ফোর্স মুজিবনগর উপজেলার সাহেবপুর বাজার এলাকায় সবজি বোঝাই একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ৮০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১০ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। এতে আসামী মামুন মল্লিক ও রবিউল ইসলাম দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডাদেশ দেন ।
মামলায় রাষ্ট্রপক্ষের কৌসুলী ছিলেন পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য ও আসামী পক্ষের কৌশুলী ছিলেন খন্দকার একরামুল হক হীরা ও ইয়ারুল ইসলাম।