মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফায়েল আহমেদ জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। রবিবার ৮টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে কারাগার কর্তৃপক্ষ তাকে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মেহেরপুর জেলা কারাগারের সুপার মোখলেসুর রহমান জানান, তিনি এন আই মামলার ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গত ৩০ মে আদালত তাকে কারাগারে পাঠায়।
মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: তারেক আহম্মেদ বলেন, জেলা কারাগার থেকে একজন রোগি আসে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পোস্ট মর্টেমের মাধ্যমে তার মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি।
এদিকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন বলেন, দুপুর থেকেই তিনি শারিরীকভাবে অসুস্থ ছিলেন, তার পরিবারের পক্ষ থেকে কারাগার কর্তৃপক্ষকে চিকিৎসার জন্য বলা হলেও কারাগার কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয় নি। তার মৃত্যু হয়েছে রাত সাড়ে ৮টার দিকে কিন্তু তার পরিবারকে জানানো হয়েছে রাত ১১টার সময় বলেও জানান তিনি। কারাগার কর্তৃপক্ষের অবহেলার কারনেই তার মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম