মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সভাপতি এবং গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ সোমবার (১৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাসিম।
সম্মেলনের ভার্চুয়ালি উদ্বোধনী বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব আপনি কি কালো চশমা পরেছেন। আপনি কি দেখেননা বাংলাদেশের অর্থপাচারের প্রধান আসামি বিএনপি নেত্রী আপনাদের মা ও বিএনপির ভাইস চেয়ারম্যান তালিকায় এক নম্বরে আছেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের কেউ অর্থ পাচার করলে শেখ হাসিনা কাউকে ছাড় দেবেন না। ফরিদপুরের সেই দৃষ্টান্ত আপনারা দেখেছেন। মির্জা ফখরুলকে হুঁশিয়ারি দিয়ে কাদের বলেন, তথ্য প্রমাণ ছাড়া কোনো কথা বলবেন না। আপনি খুব বাড়াবাড়ি করছেন, প্রধানমন্ত্রীর নামটি উচ্চারণ করতেও আপনি সম্মানবোধ করেন না। পিকে হালদার আওয়ামী লীগ দলের কেউ না।
কমিটি ঘোষণার পর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাসিম বলেন, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত এই কমিটি মেহেরপুর জেলা আওয়ামী লীগের দায়িত্ব পালন করবে। এছাড়া অল্প কিছুদিনের মধ্যেই কমিটির অন্যান্য পদগুলোও পূরণ করা হবে।
তিনি আরও বলেন, সকল সূচক এক্সপার্টরা বারবার বলছে, বাংলাদেশ কখনো শ্রীলঙ্কার মতো অবস্থা হবে না। মির্জা ফখরুল, বিএনপি জামায়াতের লোকেরা প্রতিদিন এই কথা বলে তারা দুঃস্বপ্ন দেখছেন। তারা যদি কোনোক্রমে বাংলাদেশের শাসনভার গ্রহণ করতে পারে, তাহলে বাংলাদেশকে লুণ্ঠন করে এ দেশকে শ্রীলঙ্কার মতো বানাবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগের আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আমিনুল আলম, পারভীন জামান কল্পনা, গ্লোরিয়া ঝর্ণা, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন প্রমুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম