রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : মেহেরপুর

গাছ চাপায় বাবার মৃত্যুর পর বস্তা চাপায় পুত্রের মৃত্যু 


DhakaReport24.com || 2022-05-11 02:27:00
গাছ চাপায় বাবার মৃত্যুর পর বস্তা চাপায় পুত্রের মৃত্যু 

গাছ চাপায় মারা গেছেন দিন মজুর বাবা বাবলু হোসেন। বাবার মৃত্যুর পাঁচ বছর পর মাছের খাবারের বস্তা চাপায় নিহত হলো শিশু জুনাইদ হোসেন (১০)।

জুনাইদ কাষ্টদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র ছিল। বুধবার (১১ মে) বিকালে গাংনী উপজেলার কাষ্টদহ গ্রামের মসজিদ পাড়াতে এ ঘটনা ঘটে।

নিহত জুনাইদ হোসেনের বড় ভাই জিহাদ জানান, একই পাড়ার মাছ চাষী আক্কাছ আলী তার পুকুরে মাছের খাবার দেওয়ার জন্য আমার ছোট ভাইকে জোর করে নিয়ে যায়। বাড়িতে নিয়ে গিয়ে সে তার ঘরে থাকা ৫০ কেজি ওজনের খাবারের বস্তা নামাতে বলে। খাবারের বস্তা নামাতে গিয়ে কয়েকটি বস্তা তার শরীরের ওপর চাপা পড়ে। পরে বস্তার আঘাতে ঘরের গ্রীলের সঙ্গে ধাক্কা খেয়ে বুকের হাড় ভেঙ্গে যায়। এছাড়া মাথায় আঘাত লাগে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গাংনী ও সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জুনাইদ।

আক্কাছ আলীর স্ত্রী আলেয়া খাতুন জানান, মাছের খাবার দেওয়ার জন্য একই গ্রামের সিরাজের শিশু ছেলে হাসান, সাইফুলের ছেলে হাসানুজ্জামান মাসিক ১ হাজার টাকা চুক্তিতে কাজ করে। নিহত জুনাইদ হোসেনও মাসিক ৫০০ টাকা চুক্তিতে মাত্র তিনদিন ধরে কাজ শুরু করেছে। আজ সে মাত্র তিন কেজি খাবার দেওয়ার কথা ছিলো। আমি তাকে খাবারের ঘরে ঢুকতে নিষেধও করেছি। তারপরেও সে খাবারের বস্তা নামাতে গেছে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়। ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ সোপর্দ করা হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম