নড়াইলের লোহাগড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার অস্ত্রের আঘাতে মো. রেজাউল ইসলাম পটু (৫৪) নামে একজন নিহত হয়েছেন। এ সময় নিহতের ছোট ভাই কচি মোল্লা (৪৮) গুরুতর আহত হন।
সোমবার (১৩ জুন) বিকেলে লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের দক্ষিণপাড়া মোল্লা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রেজাউল ইসলাম পটু ও আহত কচি ওই গ্রামের মৃত জালাল মোল্লার ছেলে। নিহত রেজাউল মোল্লা দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে পটু মোল্লা ও তার ভাই আফজাল মোল্লার মধ্যে দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। এরই জের ধরে সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে রেজাউল বাড়ি থেকে বের হওয়ার সময় তার বাড়ির সামনে পূর্ব পরিকল্পিত ভাবে ওৎপেতে থাকা তার ভাতিজা ইজাজুল মোল্লা, ইকরাজুল মোল্লা, সাব্বির মোল্লা সহ আরো কয়েকজন রামদা ও ছ্যানদা দিয়ে তার মাথায় ও কোমরে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে যখম করে এসময় কচি মোল্লা ঠেকাতে গেলে তাকে ও এলোপাতাড়ি কুপিয়ে যখম করে।
এলাকাবাসি মুমূর্ষু অবস্থায় তাদের কে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রেজাউল ইসলাম পটুকে মৃত ঘোষণা করেন।
আহত কচি মোল্লা কে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ
মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম