মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও রাজনৈতিক অস্থিতিশীলতার ধাক্কায় বিশ্বজুড়ে শীতকালের জ্বালানি নিয়ে নতুন করে চরম উদ্বেগ তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাবে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রাকৃতিক গ্যাসের দাম একলাফে বেড়ে গত ৪ বছরের (২০২২ সালের পর) মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
গত শুক্রবার লেনদেন বন্ধ হওয়ার পরিস্থিতির পর আজ সোমবার লেনদেন শুরু হতেই গ্যাসের ইউরোপীয় সূচক ৩.৩ শতাংশ বাড়ে। এতে প্রতি মেগাওয়াট-ঘণ্টা গ্যাসের দর ৯৭ ইউরো (প্রায় ১০৮.৮ ডলার) ছাড়িয়ে যায়, যা ২০২২ সালের ডিসেম্বরের পর আর দেখা যায়নি।
পরিস্থিতি জটিল হওয়ার প্রধান কারণ পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির জোগান ব্যাপকভাবে কমে যাওয়া। বিশ্বে মোট এলএনজি চাহিদার প্রায় পাঁচ ভাগের এক ভাগ আসে এই অঞ্চলটি থেকে। তবে চলমান সংঘাতের ফলে গত বছরের এই সময়ের তুলনায় সেখান থেকে গ্যাস সরবরাহ প্রায় ৮০ শতাংশ হ্রাস পেয়েছে।
এদিকে ইউরোপের নিজস্ব গ্যাস সুরক্ষাবলয়ও বেশ নড়বড়ে অবস্থায় রয়েছে। ‘গ্যাস ইনফ্রাস্ট্রাকচার ইউরোপ’-এর তথ্যানুযায়ী, ইইউভুক্ত দেশগুলোর গ্যাস মজুতাগারগুলোতে বর্তমানে ধারণক্ষমতার মাত্র ৭৪.৬ শতাংশ গ্যাস জমা আছে, যা বছরের এই সময়ের স্বাভাবিক গড়ের চেয়ে অনেক কম।
একদিকে বিশ্ববাজার থেকে সরবরাহ কমে যাওয়া আর অন্যদিকে নিজেদের মজুদে টান পড়া—এই দুই সংকটের মুখে পড়ে সামনে কঠোর শীত নামার আগেই ইউরোপের জ্বালানি বাজার চরম অস্থির হয়ে উঠেছে। সূত্র: আনাদোলু এজেন্সি
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম