ঈদের আগে নড়াইলে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পেলেন ৯৫টি ভূমিহীন পরিবার। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে এসব ঘর বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ঈদ উপহার হিসেবে জমির দলিলসহ বাড়িগুলো হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌরমেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শ্বাশতী শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির প্রমুখ।
জেলা প্রশাসন কার্যালয় সূত্র জানা গেছে, আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ে নড়াইল জেলায় ৪ কোটি ৯৩ লাখ ৫ হাজার টাকা ব্যয়ে মোট ১৯০টি ভূমিহীন পরিবারের জন্য ঘর নির্মাণ চলছে। এর মধ্যে ৯৫টি ঘর নির্মাণ কাজ শেষ হয়েছে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। এসব বাড়িতে বিদ্যুৎ সংযোগ এবং টিউবওয়েলের ব্যবস্থা রয়েছে।
এর আগে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নড়াইল জেলায় ৪৭৭টি ঘর নির্মাণ করে তা ভূমিহীনদের দেয়া হয়েছে। জেলায় মোট এক হাজার ৮৩১টি ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর ঘর দেয়া হচ্ছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম