নড়াইলে আলাদা দুইটি চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ১৪ ভরি স্বর্ণালংকার ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, যশোর জেলার কোতয়ালী থানাধীন রায়পাড়ার বাবুল শেখের ছেলে সাঈদ শেখ (২০), একই থানার বেচপাড়ার বাবু শিকদারের ছেলে আরমান শিকদার (২৮), বালিয়াডাঙ্গা গ্রামের মৃত শামছু মোল্যার ছেলে লিমন মোল্যা (২৬), আর এন রোডের আলমগীর মোল্যার ছেলে আপন মোল্যা (২২) ও মাগুড়া জেলার রঘুনাথপুর গ্রামের বাদশা শেখের ছেলে রাকিব শেখ (১৪)।
শনিবার (২৩ এপ্রিল) রাতে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)।
প্রেস ব্রিফিং পুলিশ সুপার বলেন, গত কয়েক মাস ধরে নড়াইল শহর এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটে। এসব চুরির রহস্য উদঘাঠন করতে গিয়ে জানা যায়, আন্তঃজেলা চোর চক্রের সদস্যরা সকলে যশোর থেকে নড়াইলে আসে। এরপর তারা ভাঙ্গারী কুড়াতে থাকে ও বিভিন্ন বাড়ি টার্গেট করে দিনের বেলায় বা রাতে সেসব বাড়িতে চুরি করে।
পুলিশ সুপার আরো বলেন, চুরির অভিযোগের চার দিনের মধ্যে শনিবার ২৩ এপ্রিল সকালে যশোর থেকে আন্তঃজেলা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৪ ভরি স্বর্ণালংকার যার মূল্য আনুমানিক নয় লাখ ত্রিশ হাজার টাকা এছাড়া পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম