সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করায় ২২ জনকে সন্ত্রাসী কায়দায় গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেন, এর মাধ্যমে জনগণের অধিকার চর্চায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। সরকার ধীরে ধীরে আওয়ামী লীগের মতো স্বৈরাচারী হয়ে উঠছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) গাজীপুরে এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কেন্দ্রীয় পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হলেও পোশাকশ্রমিকদের বেতন বাড়ানো হয়নি। এ অবস্থায় শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবির প্রতি তিনি সমর্থন জানান।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, তৃণমূল পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা আধিপত্য বিস্তার করছেন। আগামী নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে না পারলে সরকার ও নির্বাচন কমিশন ব্যর্থ হবে। বিগত সরকারের মতো দলীয়করণের মাধ্যমে নির্বাচন আয়োজন করা হলে এনসিপি রাজপথে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সভায় এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আলী আহসান জুনায়েদ, ঢাকা উত্তরের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ গাজীপুরের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম