নড়াইল লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামের একাধিক হত্যা মামলার আসামী সোহেল খাঁ (৪০) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১ টা উপজেলার দিঘলিয়া পূর্বপাড় গ্রামে নবগঙ্গা নদীর পাশে এ হত্যার ঘটনা ঘটে।
এ ঘটনায় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। সোহেল উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের বদির খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সোহেল রাতে তাঁর শশুরবাড়ি দিঘলিয়া পূর্বপাড় গ্রামে ছিল। রাত সাড়ে ১১টার দিকে তাঁরা স্বামী-স্ত্রী দুজন ঘর থেকে বের হয়ে পাশের রাস্তায় দাঁড়ান। আকস্মিকভাবে ধারালো অস্ত্রদিয়ে কয়েকজন যুবক তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর পুরো শরীরে এলোপাতাড়ি কোপানের দাগ রয়েছে। পুলিশ খবর পেয়ে তাঁর লাশ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল খান পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর নামে চারটি হত্যা ও অস্ত্র মামলাসহ ১৩টি মামলা রয়েছে। তিনি এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যকালাপের সঙ্গে জড়িত ছিলেন। সে দীর্ঘদিন দিন ধরে পলাতক ছিল বলে জানা গেছে।
এ বিষয়ে নড়াইল জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, নিহত সোহেল খানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র মামলা সহ মোট ১৩ টি মামলা রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে এছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম