ইরানের মদতপুষ্ট সশস্ত্র হুথি গোষ্ঠীকে হটিয়ে দিয়ে তাদের দু’টি ঘাঁটি দখল করেছে ইয়েমেনের সেনাবাহিনী। ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারের তথ্য মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি ফায়াদ আল-নুমান তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত কাল শুক্রবার আনাদোলু এজেন্সিকে ফায়াদ আল নুমান বলেছেন, “তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ জেলা ও লাহজ প্রদেশের আল-সুবাইহা এলাকার মধ্যবর্তী আল-আঘবারা রণাঙ্গনে হুথি যোদ্ধাদের সাথে তীব্র সংঘাতের পর আল-বাজলা পর্বত ও মাদখুলা এলাকার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে ইয়েমেনি সেনাবাহিনী।”
আল-নুমান জানান, লড়াই চলাকালে সরকারি বাহিনী হুথিদের জানমালের ও সরঞ্জামের ক্ষতিসাধন করেছে এবং দলটির শক্তিশালীকরণকারী বাহিনীর ওপর আঘাত হেনেছে।
তিনি আরও বলেন, “সশস্ত্র বাহিনী তাইজের পশ্চিমে আল-ওয়াজিয়াহ জেলার আল-দারিফা এলাকার আল-হারথা গ্রামে হুথি যোদ্ধাদের অন্যান্য অবস্থান ও সামরিক যানবাহনও লক্ষ্যবস্তু করেছে।”
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আল-আঘবারা এলাকাটিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে হুথি গোষ্ঠী; কারণ লাহজ ও তাইজ—এই দুই প্রদেশের মধ্যবর্তী অবস্থানে থাকায় এই এলাকা থেকে উভয় প্রদেশের বিভিন্ন ঘাঁটির যোদ্ধাদের সঙ্গে যোগাযোগ রাখা সহজ হয়।
হুথি গোষ্ঠীর পক্ষ থেকে এখনও এ প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, ইয়েমেনের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর সঙ্গে তীব্র সংঘাত এবং তার জেরে ভূখণ্ডগত নিয়ন্ত্রণ চ্যালেঞ্জের মুখে পড়ায় দুই ঘাঁটি হারানোর পর প্রতিক্রিয়া জানানো থেকে বিরত রয়েছে এই গোষ্ঠী।
উল্লেখ্য, ২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়, তারপর মাত্র এক বছরের মধ্যে ২০১৫ সালে ইরানের মদতপুষ্ট সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুথি রাজধানী সানা দখল করে। হুথিরা রাজধানী দখলের পর ইয়েমেনের তৎকালীন প্রেসিডেন্ট মনসুর আবদ-আল হাদি সৌদিতে পালিয়ে যান। তার নেতৃত্বাধীন সরকারকে ফিরিয়ে এনে ক্ষমতায় বসাতে ওই বছর থেকেই ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে ইয়েমেন-সৌদি সেনাবাহিনী।
বর্তমানে ইয়েমেনের মোট ভূখণ্ডের অর্ধেক (উত্তরাঞ্চল) হুথি গোষ্ঠীর নিয়ন্ত্রণে আছে, বাকি অর্ধেক (দক্ষিণাঞ্চল) নিয়ন্ত্রণ করছে সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকার। কয়েক বছর আগে প্রেসিডেন্সিয়াল সরকার আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে।
উত্তর ইয়েমেনকে হুথিদের নিয়ন্ত্রণমুক্ত করতে গত জুলাই থেকে ইয়েমেনে অভিযান শুরু করেছে সেনাবাহিনী। সূত্র : আনাদোলু এজেন্সি
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম