''একবার ব্যবহার্য প্লাস্টিক বর্জন করি, পরিবেশবান্ধব বিকল্প ব্যবহার করি'' প্রতিপাদ্যে নিয়ে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় মহানগরীর একটি রেস্তোরাঁয় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর বিভাগীয় সমন্বয়ক তন্ময় কুমার স্যানাল, 'রুলফাও' এর নির্বাহী পরিচালক আফজাল হোসেন, রাজশাহী হেরিটেজের সভাপতি মাহবুব সিদ্দিকী, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকাবারুল হাসান মিল্লাত, ক্রিস্টাল বায়োটেকের উদ্যাগতা ইফতেখারুল হক নিপু, রাজশাহী মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়সহ বিভিন্ন অঙ্গসংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অতিরিক্ত মাত্রায় প্লাস্টিক ব্যবহারের কারণে মানুষের স্বাস্থ্য যেমন মারাত্মক ঝুঁকির মধ্যে আছে সেই সাথে সকল প্রাণবৈচিত্র্যও ধংসের পথে। এক সময় আমরা মাটির তৈরি জিনিসপত্র ব্যবহার করতাম কিন্তু র্বতমানে প্লাস্টিকের তৈরি বেশিমাত্রায় ব্যবহারের ফলে মাটির তৈরি জিনিসপত্র প্রায়ই হারিয়ে গেছে। প্লাস্টিক ব্যবহারের কারণে পরিবেশবান্ধব উন্নয়ন ব্যাহত হচ্ছে। আমাদের চারপাশে প্লাস্টিকের জন্য নদী-নালা, খাল-বিল তার নিজস্বতা হারিয়ে ফেলছে।
বক্তাগণ আরো বলেন, দেশে ১২ লাখ মানুষ সরাসরি প্লাস্টিক উৎপাদনের সঙ্গে জড়িত। এর সঙ্গে প্রায় পাঁচ হাজার কোম্পানি প্লাস্টিক উৎপাদন করছে। যার প্রতিফলন আমাদের পরিবেশে দেখা যাচ্ছে। সারাদেশে প্রতিদিন তিন হাজার টন প্লাস্টিক ব্যবহার হচ্ছে। এর মধ্যে একবার ব্যবহার করা প্লাস্টিকের সংখ্যা সবচেয়ে বেশি। পানীয় সামগ্রী বিক্রয় প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি প্লাস্টিক ব্যবহার করছে। এসবের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্লাস্টিক উৎপাদনের কাঁচামাল আমদানির ওপর অতিরিক্ত কর আরোপ করতে পারেন।
উল্লেখ্য, রাজশাহীতে প্রচার অভিযানে প্লাস্টিক নিয়ন্ত্রণের জন্য এক ধরণের প্লাস্টিকমুক্ত ব্যাগের ব্যবহার করতে ক্রিস্টাল বায়োটেকের উদ্যোক্তাগণ কাজ করার পাশাপাশি সবাই একটা কমিউনিটির মাধ্যমে কাজ করার সিদ্ধান্ত নেন। এছাড়াও সভায় সকলেই আজ থেকে প্রতিশ্রুতি ব্যক্ত করে যে প্লাস্টিক ব্যবহার বর্জন করে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহার করবেন।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম