সিরাজগঞ্জের শাহজাদপুর একসময় ঐতিহ্যবাহী তাঁতের কাপড়ের জন্য সুপরিচিত ছিল। চরকায় সুতা কাটার পর হাতে চালিত তাঁতযন্ত্রে বিভিন্ন রঙের সুতা বুনে তৈরি করা হতো গামছা, শাড়ি আর লুঙ্গিসহ নানা পণ্য। একসময় তাঁতের টুনটুন শব্দে মুখরিত ছিল কিন্তু সেই শব্দ এখন প্রায় হারিয়ে গেছে। শত শত পরিবারের জীবিকা ছিল এই তাঁতশিল্প, অথচ বর্তমানে হাতে গোনা কয়েকটি পরিবারই কোনো রকমে পেশাটি ধরে রেখেছে।
কারিগর আশিক বলেন, কাপড়ের বেচাকেনা নাই। কাপড়ের হাটে নিয়ে গেলে দাম কম বলে। অন্যদিকে, সুতার দাম, রঙের দাম সবকিছুর দামই অনেক বেশি। এই মূল্যবৃদ্ধির কারণে আমরা এই শিল্পটা ধরে রাখতে পারছি না। আমাদের মহাজনরা বাকি দিচ্ছে না, নগদ টাকায় মাল আনতে হচ্ছে।
আমাদের পর্যাপ্ত চালান বা পুঁজি নেই। সরকার যদি আমাদের একটু অনুদান দেয়, বা ঋণের ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা এই শিল্পটা ধরে রাখতে পারবো।
একজন যুব কারিগর তাঁর হতাশা ব্যক্ত করে বলেন, আমাদের কাজকর্ম আগের চেয়ে অনেক কম। মালিক হাটে গেলে কাপড় বিক্রি করতে পারে না, ফলে আমাদের মজুরি (বিলপাট্টা) দিতে পারে না। আমাদের চলা খুব কঠিন, সংসার চলে না এমন একটা অবস্থা।
স্থানীয়রা মনে করেন, সরকারি সহযোগিতা, সঠিক বাজারজাতকরণের সুযোগ ও কারিগরদের প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়া হলে শাহজাদপুরের এই পুরোনো শিল্প আবারও ঘুরে দাঁড়াতে পারে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম