বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য চমক দিয়ে দল ঘোষণা করেছে ব্রাজিল। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আর্সেনালের ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেলি। মার্টিনেলি আর্সেনালের হয়ে এখন পর্যন্ত ২৪ ম্যাচ খেলেছেন। ক্লাব ক্যারিয়ারে দুটি দলের হয়ে ৭২ ম্যাচে ১৭ গোল তার।
বড় তারকাদের মধ্যে দলে জায়গা হয়নি ম্যানচেস্টার সিটির গ্যাব্রিয়েল জেসুস ও লিভারপুলের রবার্তো ফিরমিনোর। দলে ফিরেছেন নেইমার। ফরোয়ার্ডে আরও আছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এভারটনের রিচার্লিসন, আয়াক্সের অ্যান্তোনি ও লিডস ইউনাইটেডের রাফিনহা।
জানা যায়, বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চল থেকে শীর্ষে থেকে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছেন নেইমাররা। তবে এখনো শেষ হয়নি তাদের বাছাই পর্ব। চলতি মার্চে তারা চিলি ও বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবেন। ২৬ মার্চ বাংলাদেশ সময় ভোরে ব্রাজিলের প্রতিপক্ষ চিলি। এছাড়া ৩০ মার্চ শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে বলিভিয়ার। আপাতত দৃষ্টিতে ম্যাচ দুটির গুরুত্ব চোখে না পড়ার মতো। তবে, ম্যাচ দুটিকে ঘিরে ব্রাজিল কোচ তিতে দিচ্ছেন সর্বাধিক মনোযোগ।
কারণ এই ম্যাচগুলো থেকেই কাতার বিশ্বকাপে মূল একাদশের জন্য ফুটবলার নির্বাচন করা সহজ হবে ব্রাজিল কোচের জন্য। আবার তাদের নিকট প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধানও খুব বেশি নয়। শেষ দুই ম্যাচে আর্জেন্টিনা জিতলে আর ব্রাজিল হারলে লাতিন আমেরিকা থেকে শীর্ষ দল হিসেবে বাছাই শেষ করবেন লিওনেল মেসিরা। সে সুযোগ চিরপ্রতিদ্বন্দ্বীদের দিতে চাননা তিতে।
বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত অপরাজিত দল ব্রাজিল। ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থান দখলে রেখেছেন নেইমাররা। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে তারাও এখন পর্যন্ত দেখেননি হারের মুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম