বাবর আজমের দীর্ঘ অপেক্ষার অবসান হলো গতকাল (রোববার)। সাবেক পাকিস্তান অধিনায়ক দুই বছর পর প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন। করাচিতে কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে পেশোয়ার জালমি অধিনায়ক ৭৮৩ দিনের সেঞুরি খরা কাটালেন।
পুরো ২০ ওভার ক্রিজে ছিলেন বাবর। ৫২ বলে করেছেন পিএসএলের দ্রুততম সেঞ্চুরি। ইনিংসের শেষ বলে এই মাইলফলক ছোঁন তিনি। তিন অঙ্কের ঘর ছুঁতে বাবরের দুটি রান দরকার ছিল। অনড্রাইভ খেলে ঝুঁকিপূর্ণ দ্বিতীয় রান নিয়ে কাঙ্ক্ষিত শতকের দেখা পান।
২০২৪ সালের ফেব্রুয়ারির পর প্রথম ও ক্যারিয়ারের ১২তম টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন বাবর। সর্বকালের শীর্ষ টি-টোয়েন্টি সেঞ্চুরির তালিকায় ডেভিড ওয়ার্নারকে ছাপিয়ে ক্রিস গেইলের (২২) পর তিনি দ্বিতীয় স্থানে। এনিয়ে পিএসএলে তৃতীয় সেঞ্চুরি করলেন বাবর।
এখন পর্যন্ত পাকিস্তানের সাবেক অধিনায়ক ৩৩৫ টি-টোয়েন্টি খেলে ১২ হাজারের বেশি রান করেছেন। গড় ৪৭.৭২ এবং স্ট্রাইক রেট ১২৮.৭৬।
বাবরের সেঞ্চুরির সঙ্গে কুশল মেন্ডিসের ৮৩ রানে পেশোয়ার ৩ উইকেটে ২৫৫ রান করে। তারপর মোহাম্মদ বাসিত ও আলী রাজা তিনটি করে উইকেট নিয়ে কোয়েটাকে ১৩৭ রানে অলআউট করেন। ১১৮ রানের জয়ে ৮ ম্যাচ শেষে অপরাজিত থেকে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে পেশোয়ার।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম