গতকাল মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিল পিএসজি। প্রথম লেগে অসাধারণ খেলেছে এই দলটি। সেই ম্যাচে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি গোলের দেখা পাননি, বরং ভাগ বসিয়েছেন লজ্জার এক রেকর্ডে। পিএসজি জিতলেও অস্বস্তিকর এক রেকর্ডে নাম লিখিয়ে ফেলেছেন সাতবারের ব্যালন ডি'অরজয়ী তারকা।
৬২তম মিনিটে মেসির উঁচু করে বাড়ানো বল দখলের লড়াইয়ে ডি-বক্সে এমবাপ্পেকে ফেলে দেন রিয়াল মাদ্রিদের রাইটব্যাক দানি কারভাহাল। পেনাল্টি পায় পিএসজি। কিন্তু সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ মেসি। পিএসজিকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করেন তিনি। তার নেওয়া নিচু শট বাঁ দিকে ঝাঁপিয়ে রক্ষা করেন রিয়াল গোলরক্ষক কোর্তুয়া। যাতে করে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করার রেকর্ডে যৌথভাবে মেসি বসেছেন থিয়েরি ওঁরির সঙ্গে।
রিয়ালের বিপক্ষের পেনাল্টিটিসহ মেসি চ্যাম্পিয়ন্স লিগে ২৩টি পেনাল্টির মধ্যে ৫টি মিস করেছেন। হেনরিও তার সমান পেনাল্টি মিস করে এতোদিন ছিলেন এককভাবে শীর্ষে। গতরাতে হেনরির সেই লজ্জার রেকর্ডে ভাগ বসালেন মেসি।
শেষ পর্যন্ত জয় হয় মেসিদেরই। রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারায় তারা। নির্ধারিত নব্বই মিনিট শেষে যোগ করা চার মিনিটের মাথায় পিএসজির জয় নিশ্চিত করেন এমবাপ্পে। আগামী ১০ মার্চ সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল।