ঝড় তুলেছিলেন এনামুল হক বিজয়। কিন্তু জিতল না দল। একটুর জন্য আক্ষেপ নিয়েই মাঠ ছেড়েছে সিলেট। দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট সানরাইজার্সকে ১৬ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
আগে ব্যাট করে ২০২ রান সংগ্রহ করে চট্রগ্রাম। দারুণ শুরু এনে দেওয়া উইল জ্যাকস ১৮ বলে অর্ধশতক করেন। যা কিনা বিপিএলের ইতিহাসের দ্বিতীয় দ্রুততম অর্ধশতকের রেকর্ড।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই লেন্ডল সিমন্সকে হারায় সিলেট। দ্বিতীয় উইকেটে ১১২ রানের পার্টনারশিপ গড়েন এনামুল হক বিজয় ও কলিন ইনগ্রাম। ৩৭ বলে ৫০ রান করে ইনগ্রাম বিদায় নিলেও বিজয় ঝড়ো ব্যাটিং অব্যাহত রাখেন।
তবে রবি বোপারার ১২ বলে ১৫ রান ছাড়া আর কোনো ইনিংস বিজয়কে সঙ্গ দিতে পারেনি। ১৮তম ওভারে মৃত্যুঞ্জয় চৌধুরীর প্রথম ২ বলে ১০ রান নেন বিজয়। পরের ৩ বলে বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত ও রবি বোপারাকে আউট করে আসরের প্রথম হ্যাটট্রিক করেন মৃত্যুঞ্জয়। ষষ্ঠ বাংলাদেশি বোলার হিসেবে টি-টোয়েন্টি হ্যাটট্রিক করা মৃত্যুঞ্জয়ের হাত ধরে আসে বিপিএলের ষষ্ঠ হ্যাটট্রিক। অন্যদিকে চলতি আসরের প্রথম হ্যাটট্রিক এটি।
শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান জড়ো করে সিলেট। বিজয়ের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭৮ রান। ৪৭ বলের মোকাবেলায় তিনি হাঁকান ৯টি চার ও ৩টি ছক্কা।