ঘটনাটা ম্যাচের ১০ম ওভার শেষে। মোহাম্মদ সিরাজের শেষ বলে সিঙ্গেল নিয়ে ওভারটি শেষ করার পর অন্যপ্রান্তের ব্যাটার উসমান খাজার দিকে যাচ্ছিলেন কনস্টাস।
১৯ বছরের তরুণ এই ওপেনার যখন হাতের গ্লাভস খুলতে খুলতে অন্য প্রান্তের দিকে যাচ্ছিলেন তখন বিপরীত দিক থেকে বল হাতে নিয়ে আসছিলেন কোহলি। এ সময় অনেকটা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই কনস্টাসকে ধাক্কা মারেন কোহলি। এরপর কনস্টাস-কোহলি দুজনই কথার লড়াইয়ে জড়ান। এ সময়ে খাজা এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন, এমনকি আম্পায়ারও ছুটে এসেছিলেন ঘটনা বুঝতে পারে।
বুমরার পরীক্ষা নেয়া কনস্টাস ৫২ বলে ফিফটি করে আউট হন ৬৫ বলে ৬০ রান করে। অভিষেক ম্যাচেই দুর্দান্ত ব্যাট করে নজর কেড়েছেন ১৯ বছরের এই তরুণ। এদিকে কনস্টাসকে ধাক্কা দেয়ায় কোহলির শাস্তি হতে পারে তা আগেই ধারণা করা হয়েছিল।
আইসিসির আইনে বলা আছে, ‘ক্রিকেটে যে কোনো ধরনের শারীরিক সংঘর্ষ নিষিদ্ধ। ইচ্ছাকৃতভাবে কিংবা না বুঝে, সেটা যেভাবেই হোক, আম্পায়ার কিংবা অন্য খেলোয়াড়ের সঙ্গে হেঁটে বা দৌড়ের সময় মুখোমুখি হয়ে পথে বাধা তৈরি করলে তারা আইনটি ভঙ্গ করবে।’
ধারণা করা হয়েছিল, কনস্টাসকে ধাক্কা দেওয়ায় কোহলির নামের সঙ্গে ৩ কিংবা ৪ ডিমেরিট পয়েন্ট যুক্ত হতে পারে। ৪ ডিমেরিট পয়েন্ট পেলে এক ম্যাচের জন্য নিষিদ্ধও হতেন ভারতীয় এই ব্যাটার। তবে তার শাস্তি এতোটাও কঠোর হয়নি।
কোহলির তার নিজের ভুল স্বীকার করে নিয়েছেন। ভারতীয় এই তারকা ব্যাটারকে তাই ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। এবং তাকে ১ ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম