রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

এটাই বাংলাদেশের সেরা টেস্ট দল : হাথুরুসিংহে


DhakaReport24.com || 2024-09-17
এটাই বাংলাদেশের সেরা টেস্ট দল : হাথুরুসিংহে

পাকিস্তান সফরে যাওয়ার আগে বাবর-শান মাসুদদের বিপক্ষে কোনো টেস্ট জিততে পারেনি বাংলাদেশ দল। সেই আক্ষেপ ঘুচিয়ে নাজমুল হোসেন শান্ত’র দল সিরিজের দুটি টেস্টেই জিতেছে। এবার তাদের সামনে প্রতিপক্ষ ভারত, ১২ দেখায় তাদের বিপক্ষেও টেস্টে কোনো জয় নেই টাইগারদের। এমন অবস্থায় পাকিস্তান সিরিজ থেকে আত্মবিশ্বাস পাচ্ছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এমনকি বর্তমান স্কোয়াডকে বাংলাদেশের সেরা টেস্ট দল বলেও তিনি উল্লেখ করেছেন।

চেন্নাইতে আজ (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে হাথুরুসিংহে বলেছেন, ‘এটি (পাকিস্তান সিরিজ) অবশ্যই আমাদের অনেক আত্মবিশ্বাস দিয়েছে এখানে আসার আগে। ফলাফল এক পাশে সরিয়ে রেখে চিন্তা করলে, যেভাবে আমরা সিরিজটা খেলেছি, যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছি, পিছিয়ে পড়ে গিয়েও আবার ফিরে এসেছি, যারা এসবে অবদান রেখেছে সবকিছু আমাদের এই সিরিজের জন্য অনেক বিশ্বাস যুগিয়েছে।’

বাংলাদেশের এই লঙ্কান কোচ আরও বলেন, ‘আমার মনে হয়, সম্ভবত এই সময়ের টেস্ট দল সবচেয়ে পরিপূর্ণ। আমরা অনেক পেসার নিয়ে এসেছি, কয়েকজন ভালো গতির বোলার পেয়েছি। আমাদের স্পিন বিভাগেও অভিজ্ঞতা আছে, সাথে ব্যাটিংয়েও ভালো গভীরতা আছে। আমাদের দুইজন স্পিনার বিশেষজ্ঞ ব্যাটার, যাদের কিনা টেস্টে সেঞ্চুরি রয়েছে। এর সঙ্গে আমাদের দুইজন উইকেটরক্ষক রয়েছে যারা দলের মূল ব্যাটার। এসব কিছু আমাদের দলকে ভালো একটি ভারসাম্য এনে দিচ্ছে, পাশাপাশি আত্মবিশ্বাসও জোগাচ্ছে।’

ভারতের বিপক্ষে ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম টেস্টের ভেন্যু চেন্নাই। যেখানকার উইকেট স্পিনবান্ধব হয়ে থাকে সাধারণত। আসন্ন ম্যাচেও তেমন উইকেট থাকবে কি না এমন প্রশ্নে হাথুরুর জবাব, ‘আমার কাছে স্পোর্টিং উইকেট মনে হচ্ছে। তবে উপমহাদেশের উইকেট আসলে প্রথম দিন থেকে পরিবর্তন হতে পারে। আমি নিশ্চিত নই কখন থেকে এখানে টার্ন হওয়া শুরু করবে।’

উল্লেখ্য, বাংলাদেশ-ভারতের দুই টেস্টের সিরিজ শুরু হবে চেন্নাই ম্যাচ দিয়ে। কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টেস্ট হবে। এরপর ৬, ৯ ও ১২ অক্টোবর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম