ভারতের বিপক্ষে ঘরের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে হারের পর আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে দুই দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয়দের বিপক্ষে আগে ব্যাট করে মুর্শিদা খাতুনের ৪৬ রানের ইনিংসের সুবাদে ১১৯ রান করে অলআউট হয়েছে বাঘিনীরা।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে আজ শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৪ রানেই আউট হয়ে সাজঘরে ফিরে যান ওপেনার দিলারা আক্তার। এরপর আরেক ওপেনার মুর্শিদা খাতুনের সঙ্গী হন সোবহানা মোস্তারি। এ দুজনে জুটি গড়ে স্কোরবোর্ডে তুলেন ২৮ রান। তবে শ্রেয়াঙ্কা পাতিলের বলে আউট হয়ে সোবহানা সাজঘরে ফিরলে ভাঙে এ জুটি।
এরপর দ্রুতই সাজঘরে ফিরেন অধিনায়ক জ্যোতি, সুলতানা খাতুন এবং ফাহিমা খাতুন। পরে ব্যাট হাতে মুর্শিদার সঙ্গে দলের হাল ধরেন রিতু মনি। এ দুজন মিলে গড়েছিলেন ৩২ রানের জুটি।
২০ রান করে রিতু ফিরলেও দলের হাল ধরেছিলেন মুর্শিদা। তাঁর ৪৬ রানের ইনিংসের সুবাদেই শেষ পর্যন্ত অল আউট হওয়ার আগে ১১৯ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশের নারীরা।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম