পিঠের চোটে অস্ত্রোপচারের পর দীর্ঘ চার মাস মাঠের বাইরে ছিলেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। ফিরেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। ফেরাটা বেশ রাজসিকই হলো বর্তমানে বিশ্বের অন্যতম সেরা এই পেসারের। তবে হেরে গেছে আফগানিস্তান।
শারজায় গতকাল শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৮ রানে হারে আফগানিস্তান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রানে থামে আইরিশরা। জবাব দিতে নেমে ৮ বল বাকি থাকতেই ১১১ রানে গুটিয়ে যায় আফগানরা।
এদিন ৪ ওভারে মাত্র ১৯ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নেন রশিদ খান। দুর্দান্ত এই বোলিংয়ে বুঝিয়ে দিলেন, মাঠের বাইরে থাকলেও বোলিংয়ের ধার কমেনি তার। ছুঁয়ে ফেললেন মাইলফলকও। আন্তর্জাতিক ক্রিকেটে রশিদ কালকে পৌঁছেছেন ৩৫০ উইকেটের ক্লাবে। ৫ টেস্টে ৩৪ উইকেট আছে রশিদের। এছাড়া ১০৩ ওয়ানডেতে নিয়েছেন ১৮৩ উইকেট ও ৮৩ টি-টোয়েন্টিতে রশিদের শিকার ১৩৩ উইকেট।
গতকাল টস জিতে আয়ারল্যান্ডকেই ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন আফগান অধিনায়ক রশিদ খান। ১৪৯ রান করার পথে আইরিশদের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন হ্যারি টেক্টর। ৩৪ বলে ৭টি চার ও ২ ছক্কায় এই রান করেন তিনি। এদিন দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন অধিনায়ক পল স্টালিং। ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন তিনি। এই দুই চারের মাধ্যমে অন্যন্য একটি রেকর্ডও গড়ে ফেলেছেন স্টার্লিং।
ছেলেদের আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে ৪০০ চারের মাইলফলকও ছুঁয়ে ফেলেছেন স্টার্লিং। ১৩৪ ইনিংসে ৪০১টি চার তার। ১০৩ ইনিংসে ৩৯৫টি চার মেরে দুইয়ে পাকিস্তানের বাবর আজম। তিনে থাকা কোহলি ১০৯ ইনিংসে চার মেরেছেন ৩৬১টি।
১৫০ রান তাড়া করতে নেমে ১৮.৪ ওভারে ১১১ রানে অলআউট হয় আফগানিস্তান। আইরিশদের হয়ে ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে সবচেয়ে সফল বেন হোয়াইট। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন জশ লিটল।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম