বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ঘিরে যত ঘটনা ঘটেছে, হয়তো জাতীয় নির্বাচন নিয়েও এতো কিছু ঘটেনি। ভারত বিশ্বকাপের চরম ব্যর্থতা থেকে শুরু করে সাকিব-তামিমের কথার লড়াই ছিল আলোচনায় তুঙ্গে। এতো ঘটনার পর অবশেষে আগামীকাল ১২ ফেব্রুয়ারি বসবে বিসিবির নবম বোর্ড সভা।
বাংলাদেশ ক্রিকেটের সব থেকে আলোচিত ও বিতর্কিত বিষয় হচ্ছে বিসিবির বর্তমান নির্বাচক প্যানেল। মেয়াদ শেষ হয়ে গেলেও বিসিবির নির্দেশনায় দায়িত্ব পালন করে যাচ্ছেন নির্বাচক প্যানেলের প্রধান মিনহাজুল আবেদীন ও জ্যেষ্ঠ নির্বাচক হাবিবুল বাশার।
গুঞ্জন রয়েছে সোমবারের বোর্ড সভায় নির্বাচক প্যানেল নিয়ে নতুন করে সিদ্ধান্ত আসতে পারে। জানা যায়, নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালক বলেন, ‘নির্বাচক প্যানেল নিয়ে সিদ্ধান্ত হবে। এটা গুরুত্বপূর্ণ একটা অ্যাজেন্ডা। তাদের মেয়াদ শেষ হয়েছে। অনেক আলোচনা আছে তাদের নিয়ে।
এদিকে সম্প্রতি আলোচিত ইস্যু ভারত বিশ্বকাপে ব্যর্থতায় গঠিত মূল্যায়ন কমিটির রিপোর্ট উপস্থাপন, শেখ হাসিনা স্টেডিয়ামের অবকাঠামো নির্মাণ, জাতীয় দলের কোচ নিয়োগ। এছাড়া সাকিবের অধিনায়কত্ব এবং তামিম ইকবালের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হতে পারে বিসিবির কার্যনির্বাহীর সভায়।
চলতি বছর সেপ্টেম্বর-অক্টোবরে মাঠে গড়াবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আয়োজক বাংলাদেশ। কাজেই সোমবারের বোর্ড মিটিংয়ে আলোচনায় থাকবে নারী বিশ্বকাপও।
এছাড়া আগেই চূড়ান্ত হয়েছে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা। সেটিও পাস হতে পারে বোর্ড সভায়। আর তিন ফরম্যাটে জাতীয় দলের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত নাম প্রস্তাব করা হতে পারে বিসিবির কার্যনির্বাহী বোর্ড সভায়।
সোমবার বোর্ড সভায় যেসব নিয়ে আলোচনা হবে –
শেখ হাসিনা স্টেডিয়ামের অবকাঠামো নির্মাণের চূড়ান্ত নিলাম
জাতীয় দলের কোচ নিয়োগ
বিশ্বকাপ পারফর্মেন্স মূল্যায়ন কমিটি
জাতীয় দলের নির্বাচক কমিটি
জাতীয় দলের অধিনায়ক নির্ধারণ
ক্রিকেটারের কেন্দ্রীয় চুক্তি
প্রথম শ্রেণি ক্রিকেটারদের চুক্তি
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন
আঞ্চলিক ক্রিকেটের অগ্রগতি
বোর্ডের নিজস্ব মাঠ কেনার অগ্রগতি।
সাকিব-তামিমের ভবিষ্যৎ নিয়ে আলোচনা
বার্ষিক বরাদ্দ আর বোর্ডের আর্থিক বিষয়াদি নিয়ে আলোচনা
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম