মরিনহোর অধীনে বেশ ভালো সময় কাটিয়েছে রোমা। রোমার ফুটবল ইতিহাসে প্রথমবার কনফারেন্স লিগের শিরোপাও উঠেছে মরিনহোরের অধীনেই। তবে নতুন মৌসুমে খেই হারায় দলটি। চলতি মৌসুমে ইতালিয়ান লিগ সিরি-আতে ২০ ম্যাচের মধ্যে সাতটিতেই হেরে পয়েন্ট টেবিলে নবম আসর স্থানে অবস্থান করছে রোমা।
দলের এমন বাজে পারফরম্যান্সের দায় এড়াতে পারেনি মরিনহো। এর ফলে রোমা অধ্যায় শেষ হলো মরিনহোর। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে রোমা। অথচ রোমাকে প্রাধান্য দিতেই ব্রাজিলের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন স্পেশাল ওয়ান খ্যাত জোসে মরিনহো। জানিয়েছিলেন, রোমাতেই ভালো সময় কাটাচ্ছেন তিনি।
কিন্তু কদিনের ব্যবধানে রোমা থেকে দুঃসংবাদ শুনতে হলো তাকে। কিংবদন্তি এই কোচকে বরখাস্ত করেছে রোমা। মরিনহোকে ধন্যবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘রোমার হয়ে মরিনহোর নিবেদন ও চেষ্টার জন্য আমরা কৃতজ্ঞ। তার সঙ্গে কাটনো মুহূর্ত আমরা সবসময় মনে রাখব। কিন্তু তাৎক্ষণিকভাবে ক্লাবের আগ্রহে বড় পরিবর্তন এসেছে। মরিনহো এবং তার সহযোগীদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছি।’
এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যামের ডাগআউট থেকেও বরখাস্ত হয়েছিলেন এই পর্তুগিজ কোচ। রোমার হয়ে বেশকিছু স্মৃতির জন্ম দিয়েছেন মরিনহো। বিশ্ব ফুটবলে ওপরের সারির কোচদের মধ্যে অন্যতম মরিনহো। স্পেশাল ওয়ান খ্যাত এ তারকা পোর্তো ও ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন। এছাড়া চেলসির হয়ে তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা ও রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা জিতেছেন।
কারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম