চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বাদ পেতে রীতিমতো তারার হাট বসিয়েছিল প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। নেইমার জুনিয়র, লিওনেল মেসি ও সার্জিও রামোসদের মতো তারকাদের দলে ভিড়িয়েও পূরণ হয়নি চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন। ক্লাবের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়ে সমালোচিত হয়েছেন মেসি-নেইমাররা। নিজেদের লক্ষ্যে পৌঁছাতে না পেরে মহাতারকাদের সঙ্গে সম্পর্কও চুকিয়ে ফেলেছে তারা। এবার বড় বড় তারকার পিছে না দৌড়ে উঠতি তারকারদের দিকেও নজর দিচ্ছে ফরাসি চ্যাম্পিয়নরা। সেই কৌশলেই ব্রাজিলিয়ান তরুণ লুকাস বেরালডোকে দলে ভিড়িয়ে শক্তি বাড়িয়েছে পিএসজি। সবসময় হাসিখুশী থাকার কারণে দলের মধ্যে ‘দ্য জোকার’ হিসেবে খ্যাত এই সেলেসাও তারকা।
২০ বছর বয়সী বেরালডোকে পাঁচ বছরের চুক্তিতে দলভুক্ত করেছে ফরাসি ক্লাবটি। এর মাধ্যমে সাও পাওলোর সঙ্গে তার তিন বছরের সম্পর্কের অবসান হলো। পিএসজিতে যোগদান ক্যারিয়ারের অনেক বড় একটি পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন এই ডিফেন্ডার। তিনি বলেন, ‘পিএসজির মত উচ্চাকাঙ্ক্ষী একটি দলের হয়ে চুক্তি করতে পেরে আমি দারুণ খুশী। এটা আমার ক্যারিয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যা আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। সতীর্থদের সাথে দেখা করার জন্য মুখিয়ে আছি। পিএসজির জার্সি গায়ে মাঠের নামার অপেক্ষা আর শেষ হচ্ছেনা।’
পিএসজি গত কয়েক বছরে লিওনেল মেসি, নেইমারদের মত সুপারস্টারদের দলে ভিড়িয়ে খুব একটা সফল হয়নি। আর সে কারণেই সেই পরিকল্পনা থেকে বেরিয়ে এসে বোরালডোর মতো ফুটবলারের সঙ্গে চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে পিএসজি। ক্লাবের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তারা যুব দলের খেলোয়াড়দের দিকে নজর দিয়েছে। তাদের সঙ্গে কম বেতনে দীর্ঘমেয়াদী চুক্তি করা সম্ভব।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম