রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

সেমিফাইনাল নিশ্চিত করতে শ্রীলঙ্কার মুখোমুখি ভারত


DhakaReport24.com || 2023-11-02 11:59:00
সেমিফাইনাল নিশ্চিত করতে শ্রীলঙ্কার মুখোমুখি ভারত

বিশ্বকাপে এখনো পর্যন্ত অপরাজিত দল ভারত। টুর্নামেন্টে ছয় ম্যাচ খেলে সবকটিতেই পেয়েছে কাঙ্ক্ষিত জয়ের দেখা। ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা রোহিত শর্মারা আজ মাঠে নামবে আসরের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিতের লক্ষ্যে। গুরুত্বপূর্ণ এ ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুই দলের লড়াই শুরু হবে দুপুর আড়াইটায়।

লঙ্কানদের বিপক্ষে ভারতের আজকের ম্যাচের আগে ক্রিকেটপ্রেমীদের মনে ভেসে আসছে ১২ বছর আগের স্মৃতি। এক যুগ আগে ২০১১ বিশ্বকাপে এই মুম্বাইয়েরই ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সে ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জয় করে নিয়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। নিজেদের ক্রিকেট ইতিহাসের ২য় ওয়ানডে বিশ্বকাপ জয়ের সেই স্মৃতিবিজড়িত ভেন্যুতেই আজ সেমিফাইনাল নিশ্চিতের লক্ষ্যে মাঠে নামবে রোহিত-কোহলিরা।

এখনো পর্যন্ত খেলা ছয়টি ম্যাচেই জয় তুলে নেয়া ভারত নিজেদের বাকি তিন ম্যাচেই তুলে নিতে চায় জয়। শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচের আগে ভারতীয় স্পিনার কুলদীপ যাদব বলেন, ‘আমাদের হাতে তিন ম্যাচ রয়েছে। আমাদের ভালো পারফর্ম করতে হবে এবং জয় তুলে নিতে হবে। এরপর আমরা সেমিফাইনালে নজর দেবো।’ 

এদিকে টুর্নামেন্টে ছয় ম্যাচ খেলে লঙ্কানরা জয় পেয়েছে দুইটি ম্যাচে। বাছাইপর্বের বাঁধা পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নেয়া শ্রীলঙ্কা আজকের ম্যাচে হারলেই ছিটকে যাবে সেমির দৌড় থেকে। সবশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হারই লঙ্কানদের এমন সমীকরণের মুখে দাঁড় করিয়েছে।

এদিকে গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে পরিসংখ্যান কথা বলছে ভারতের হয়েই। একদিনের ক্রিকেটে দুই দল একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে ১৬৭টি ম্যাচে যার মধ্যে ভারতের ৯৮ টি জয়ের বিপরীতে শ্রীলঙ্কার জয় ৫৭টি ম্যাচে, ১১টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। সেই সঙ্গে সবশেষ এশিয়া কাপ ফাইনালে ভারতের বিপক্ষে মাত্র ৫০ রানেই অল আউট হয়েছিল লঙ্কানরা। এমন দুঃসহ স্মৃতি নিয়েই আজ স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে কুশল মেন্ডিসের দল।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম