প্রথমার্ধ শেষে বাংলাদেশ-মালদ্বীপ ১-১ সমতা
ক্রীড়া ডেস্ক
DhakaReport24.com || 2023-10-17 19:01:00
মালদ্বীপের সঙ্গে মালেতে ২০২৬ বিশ্বকাপের প্রাক বাছাইপর্বের প্রথম লেগের খেলায় ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। ওই ম্যাচের পর বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা ফিরতি লেগের খেলায় দারুণ কিছু হবে বলে জানান দেন।
তিনি যে সেটা বলার জন্যই বলেননি তার প্রমাণ তো ফিরতি লেগের খেলায় প্রথমার্ধেই দিলো বাংলাদেশ। ম্যাচের ১০ মিনিট ৫৫ সেকেন্ডে রাকিব হোসেনের গোলে মালদ্বীপের বিপক্ষে এগিয়ে থেকে বাংলাদেশ।
বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলার ১১ মিনিটে ফাহিমের ক্রস থেকে বল পেয়ে গোলটি করেন রাকিব। এরপর আরো সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে তবে কাজে লাগাতে পারেননি ঠিকঠাক।
এই সুযোগটা নেয় মালদ্বীপ। ম্যাচের ৩৫তম মিনিটের শেষ সেকেন্ডে ইব্রাহীম হাইসামের গোলে সমতায় ফেরে ম্যাচ। বাংলাদেশের গোলপোস্ট অনেকটাই ফাঁকা ছিল আর সেই সুযোগটাই নেয় প্রতিপক্ষ।
এই ম্যাচ জিতলে বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বে উঠতে পারবে বাংলাদেশ। প্রথম লেগ ১-১ হওয়ায় আজকের ম্যাচের নির্ধারিত সময়ে দুই দল সমতায় থাকলে ফল নির্ধারণে অতিরিক্ত সময়ে যাবে। সেখানেও সমতা থাকলে ম্যাচ গড়াবে টাইব্রেকারে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম