আফগানিস্তানের বিপক্ষে উড়ন্ত শুরুর পরই ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারের ধাক্কা। সবমিলিয়ে প্রথম দুই ম্যাচে অম্ল-মধুর অভিজ্ঞতা সঙ্গী করেই চেন্নাইয়ে বাংলাদেশ দল। ঘুরে দাঁড়ানোর মিশনে যেখানে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আজ শুক্রবার (১২ অক্টোবর) চিদাম্বরম স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু দুই দলের লড়াই।
চেন্নাইয়ের যে মাঠে আজকের খেলা, সেই এম এ চিদম্বরম স্টেডিয়াম বা ‘চিপক’ ভারতের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী ক্রিকেট স্টেডিয়ামগুলোর অন্যতম। চেন্নাইয়ের খটখটে আবহাওয়া আর টার্নিং ট্র্যাকে ম্যাচটায় দুই দলের স্পিনাররাই তুরুপের তাস হয়ে উঠতে পারেন, সেই সম্ভাবনা খুবই জোরালো।
বিশেষ করে এই মাঠেই গত রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ভারতের রবীন্দ্র জাদেজা ও কুলদীপ চাহাল যেরকম অসাধারণ সাফল্য পেয়েছেন, তাতে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দুই দলই আজ তাদের স্পিনারদের ওপর বিরাট ভরসা রাখছে। তাই বাংলাদেশকে জিততে হলে স্পিনারদের যেমন দ্রুত উইকেট তুলতে হবে, তেমনি ব্যাটিং টপ অর্ডারেরও ছন্দে ফেরাটাও খুব জরুরি!
বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর ম্যাচে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এখানে পেসাররা জ্বলে উঠতে পারবেন তো! উত্তরটা কঠিণ। কেননা আবহাওয়ার কারণে এখানে স্পিনাররাই বেশি দাপট দেখিয়ে থাকে! যে কারণে পেসার সংখ্যা কমে যেতে পারে। তিন থেকে নেমে আসতে পারে দুইয়ে৷ মোস্তাফিজ বা তাসকিন, কেউ একজনকে বিশ্রাম দিয়ে খেলানো হতে পারে নাসুম আহমেদকে৷
যদিও টাইগারদের একাদশে আছেন আরো তিন স্পিনার! সাকিব আল হাসানের সাথে দুই মেহেদী জুটি। এদিকে ওপেনিংয়েও আসতে পারে পরিবর্তন। আফগানিস্তানের বিপক্ষে ওপেনিং জুটিতে আসে ১৯ রান। আর ইংল্যান্ডের সাথে ১৪ রানেই হারায় প্রথম উইকেট। সবমিলিয়ে বাংলাদেশকে বেশ ভাবাচ্ছে ওপেনিংয়ে। সেক্ষেত্রে আজ একাদশে তানজিদ তামিমকে না দেখার সম্ভাবনাই বেশী!
তার বদলে একাদশে ফিরতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেক্ষেত্রে ইনিংস উদ্বোধনে ফের দেখা যেতে পারে মেহেদী মিরাজকে। ম্যাকশিফট ওপেনারেই ভরসা রাখতে পারে দল।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, মেহেদী মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
ঢাকা রিপোর্ট ২৪.কম/এমআর/আরএএম