যে উচ্চাশা নিয়ে পাকিস্তান এশিয়া কাপ শুরু করেছিল সেটি পূরণ হয়নি। সুপার ফোরে খেলেই সন্তুষ্ট থাকতে হয়েছে বাবর আজমের দলকে। সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে বড় জয়ে শুরু করলেও ভারতের বিপক্ষে হেরেছে ২২৮ রানের বিশাল ব্যবধানে। আর ‘ডু অর ডাই’ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ভারতের সঙ্গে ফাইনাল খেলেছে শ্রীলংকা।
গণমাধ্যমে গুঞ্জন উঠেছিল, দলের এমন অবস্থার জন্য টিম মিটিংয়ে কিছু সিনিয়র ক্রিকেটারের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অধিনায়ক বাবর আজম। যার জবাবে পাকিস্তানের অন্যতম পেসার শাহীন আফ্রিদি বাবরকে পরামর্শ দেন, যারা ভালো পারফরম্যান্স করেছে তাদের কথাও উল্লেখ করতে। কথার মধ্যে এভাবে কথা বলা বিষয়টি ভালোভাবে নেননি বাবর। সে সময় নাকি তিনি বলেছিলেন, ‘আমি জানি কে ভালো খেলেছে’। শোনা যায়, বিষয়টির মধ্যস্ততায় এগিয়ে আসতে হয় দলের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে। তিনি চেষ্টা করেন পরিস্থিতি ঠান্ডা করার।
তবে, বিষয়টি ভিত্তিহীন বলে পাকিস্তানের এক সিনিয়র ক্রিকেটের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান। দলের সবাই শুধু নিজেদের মতামত ওই মিটিংয়ে প্রকাশ করেছে বলে জানান তিনি।
ওই সিনিয়র ক্রিকেটার বলেছেন, ‘দলের (পাকিস্তান) মূল লক্ষ্য এখন ক্রিকেট এবং আমরা সমালোকদের নিয়ে উদ্বিগ্ন না। একটি ম্যাচ হারলে সমালোচকরা তাদের উচ্চবাচ্য শুরু করে কিন্তু এগুলো (দ্বন্দ্বের খবর) নিছক নেতিবাচক অনুমান।’
তিনি আরও বলেছেন, ‘টিম মিটিংয়ে সবাই তাদের মতামত প্রকাশ করেছে। তবে সেখানে কথা কাটাকাটি হয়েছে কিংবা সেটি থামাতে কোনো কোচিং স্টাফকে আসতে হয়েছে এমন খবর সত্য নয়। সবাই একসঙ্গে মিটিং ত্যাগ করেছে এবং অনেক সতীর্থ একই ফ্লাইটে পাকিস্তানে ফিরেছে।’
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম