দ্বিতীয় পর্বে আগামীকাল থেকে আবারও শুরু হচ্ছে আফগানিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর। প্রথম পর্বে একমাত্র টেস্টে আফগানদের রেকর্ড ব্যবধানে হারিয়েছে টাইগাররা। ওয়ানডে সিরিজ দিয়ে কাল থেকে শুরু হবে সফরের বাকি অংশ যাতে জয়ের লক্ষ্যে মাঠে নামবে দুই দল। চোটের কারণে একমাত্র টেস্ট খেলতে পারেন নি তামিম ইকবাল। কিন্তু সেরে ওঠলেও শতভাগ ফিট না হয়েই আজকের ম্যাচে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর এতেই বেশ চটেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
চোট থেকে সেরে উঠলেও এখনও শতভাগ ফিট নন তামিম। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কাল টাইগার অধিনায়ক বলেন, ‘আগামীকালের ম্যাচে আমি খেলবো। শরীর আগের চেয়ে ভালো। এটা বলব না যে আমি শতভাগ ফিট। কাল খেলার পর আরও ভালো বুঝতে পারব যে কী অবস্থা। তবে এখন পর্যন্ত সিদ্ধান্ত, আমি কাল খেলছি, ইনশাআল্লাহ।’
ম্যাচের আগের দিন দলের অধিনায়কের এমন মন্তব্যে বেশ চটেছেন বোর্ড সভাপতি। একটি গণমাধ্যমে তিনি বলেছেন, 'এটি তো আর পাড়া-মহল্লার কোনো ম্যাচ নয়, আন্তর্জাতিক একটা ম্যাচ। এমন সিরিজের আগের দিন অধিনায়ক বলছে সে ফিট না। কিন্তু খেলবে। খেলে নিজের ফিটনেস বোঝার চেষ্টা করবে। এটা তো পেশাদার কোনো আচরণ হতে পারে না।’
এ বিষয়ে কোচের সঙ্গে তাঁর কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, 'আমি ঠিক বুঝে উঠতে পারছি না, কোন দৃষ্টিভঙ্গি নিয়ে তামিম এমন কথা বলল। আমি কোচের সঙ্গে কথা বলেছি। কোচও এমন কোনো কিছুর সঙ্গে অভ্যস্ত নয়। সেও ক্ষুব্ধ। তামিমকে আসলে পরিষ্কার করে জানাতে হবে সে আসলে কী চায়। কোন পর্যায়ে আছে সে। দেখি আমি ম্যাচ দেখতে চট্টগ্রাম যাব।’
ওয়ানডে অধিনায়কের ফিট না হয়েও খেলার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন টাইগারদের প্রধান কোচ হাথুরুসিংহেও। বোর্ড সভাপতিকে ফোন করে নিজের অসন্তুষ্টির জানিয়েছেন বলেও জানা গেছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম