২৯ জুলাই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া
DhakaReport24.com || 2021-06-29 09:50:45
রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে সভায় বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ কর্তারা। বাংলাদেশে এসে অস্ট্রেলিয়া কোন হোটেলে থাকবে, তাদের জৈব সুরক্ষা বলয় কেমন হবে এসব ব্যাপারেই পাঁচ তারকা হোটেলের কর্তৃপক্ষের সঙ্গে বসেছিল বিসিবি। সভা শেষে জানা গেছে, সব ঠিকঠাক থাকলে ২৯ জুলাই বাংলাদেশে আসতে পারেন ফিঞ্চরা।
আগস্টে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া, সেটি আগেই নিশ্চিত হয়েছে। এখন অনেকটাই চূড়ান্ত ফিঞ্চদের বাংলাদেশে আসার তারিখটাও। বিসিবি জানিয়েছে, ২৯ জুলাই বাংলাদেশে আসতে পারে ফিঞ্চের দল। আগস্টের প্রথম সপ্তাহে মিরপুরে হবে সিরিজটা।
অস্ট্রেলিয়া দলের জৈব সুরক্ষাবলয় কোন হোটেল হবে, সেটি নিশ্চিত করতে এরই মধ্যে কাজ শুরু করেছে বিসিবি। সব ঠিক থাকলে ২৯ জুলাই অস্ট্রেলিয়া দলের আসার কথা। সফরে মোট ১২ দিন হোটেলের জৈব সুরক্ষাবলয়ে থাকবে দলটি। তবে তাদের জৈব সুরক্ষাবলয় হবে কোন হোটেলে, সেটি ঠিক করতে এর মধ্যে বিসিবি তিনটি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে। এর মধ্যেই একটি হোটেলকে চূড়ান্ত করা হবে।
এদিকে ১৮ সদস্যের দল ভোরে ওয়েস্ট ইন্ডিজে রওনা দেয়ার কথা অস্ট্রেলিয়ার। ক্যারিবীয়দের বিপক্ষে পাঁচ টি–টোয়েন্টি ও তিন ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশের ফ্লাইট ধরবেন ফিঞ্চরা।