শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

বাংলাদেশকে ৫১৩ রানের পাহাড়সম লক্ষ্য দিলো ভারত


DhakaReport24.com || 2022-12-16 16:49:15
বাংলাদেশকে ৫১৩ রানের পাহাড়সম লক্ষ্য দিলো ভারত

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন প্রথম ইনিংসের ২৫৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ভারত। ব্যাট করতে নেমে ২ উইকেটে ২৫৮ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। এতে সব মিলিয়ে ভারতের লিড দাঁড়ায় ৫১২ রান। যার ফলে বাংলাদেশ পেয়েছে ৫১৩ রানের পাহাড়সম এক লক্ষ্য।

তৃতীয় দিন সকালে বাংলাদেশকে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট করে নিজেদের লক্ষ্যে সফল হয়েছে ভারত। তার পর স্বাগতিকদের ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে দাপুটে ভঙ্গিতে। ২৫৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসেও রানের পাহাড় গড়ে তারা। ৬১.৪ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করেছে ২৫৮ রান।

দিনের শেষ সেশনে সেঞ্চুরি করে ফিরেছেন শুভমান গিল। মেহেদী মিরাজের বলে ১১০ রান করে ফিরে যান এই ওপেনার। এরপর অবশ্য বিধ্বংসী হয়ে উঠেন চেতেশ্বর পূজারা। ৫২ ইনিংস পর টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন চেতেশ্বর পূজারা। প্রথম ইনিংসে মাত্র ১০ রানের জন‌্য সেঞ্চুরি মিস করেছিলেন এ ডানহাতি ব‌্যাটার। তবে এবার ভুল করলেন না। ক‌্যারিয়ারের দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়ে পুজারা ভারতের রানকে নিয়ে গেছেন পাহাড় চূড়ায়।

সাবেক অধিনায়ক বিরাট কোহলি ২৯ বলে ১৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। পূজারার সেঞ্চুরির পরপরই অধিনায়ক লোকেশ রাহুল ইনিংসের ঘোষণা করেন।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগের দিনই ফলোঅন শঙ্কায় পড়েছিলো বাংলাদেশ। ৮ উইকেটে ১৩৩ রান নিয়ে দিন শেষ করেছিলো স্বাগতিকরা। শুক্রবার সকালে ৫০ মিনিটের মতো প্রতিরোধ গড়তে পারে মিরাজ-এবাদত-খালেদরা। মিরাজের বিদায়ের পরই বাংলাদেশের ইনিংসের সমাপ্তি ঘটে। ভারতের ৪০৪ রানের জবাবে স্বাগতিক দল অলআউট হয়েছে মাত্র ১৫০ রানে। তাতে সফরকারী দল ২৫৪ রানে এগিয়ে থেকে পুনরায় ব্যাট করতে নামে।

পিঠের সমস্যায় মাঠে নেই এবাদত হোসেন। সাকিবতো প্রথম ইনিংসে করতে পেরেছেন মাত্র ১২ ওভার। দ্বিতীয় ইনিংসেও বোলিং করতে পারেননি। কার্যত তিন বোলারকে দিয়েই আক্রমণ পরিচালনা করতে হয়েছে। চতুর্থ বোলার হিসেবে ইয়াসির আলীকে ব্যবহার করেছেন। বাদ যাননি উইকেট কিপার ব্যাটার লিটন দাসও।

শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের দেয়া ৫১৩ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। এখন পর্যন্ত ৮ ওভার ব্যাট করে ২২ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। হাতে আছে ১০ উইকেট।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম