শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

দ. আফ্রিকাকে হারিয়ে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখল পাকিস্তান


DhakaReport24.com || 2022-11-03 18:32:45
দ. আফ্রিকাকে হারিয়ে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখল পাকিস্তান

হারলে বাদ পাকিস্তান। জিতলে বেঁচে থাকবে সেমির স্বপ্ন। বিশ্বকাপে এমন কঠিন সমীকরণ মাথায় রেখে মাঠে বৃহস্পতিবার মাঠে নেমেছিল পাকিস্তান। বাঁচা-মরার সেই লড়াইয়ে শেষ হাসি বাবর আজমদের। সুপার টুয়েলভের গ্রুপ টুয়ের ম্যাচে সিডনিতে দক্ষিণ আফ্রিকাকে বৃষ্টি আইনে ৩৩ রানে পরাজিত করেছে বাবর আজমরা। এই জয়ে বিশ্বকাপে এখন পর্যন্ত টিকে থাকল দলটি। অন্যদিকে সেমিতে যাওয়ার অপেক্ষা বাড়ল দক্ষিণ আফ্রিকার।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৮৫ রান করে পাকিস্তান। জবাবে দক্ষিণ আফ্রিকা ৯ ওভারে ৪ উইকেটে ৬৯ রান করার পর সিডনিতে শুরু হয় বৃষ্টি। ম্যাচ নেমে আসে ১৪ ওভারে। দক্ষিণ আফ্রিকার নতুন টার্গেট নির্ধারণ হয় ১৪২ রান। সে লক্ষ্যে খেলতে নেমে প্রোটিয়ারা তুলতে পারে ৯ উইকেটে ১০৮ রান।

গ্রুপ টুয়ে চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে দক্ষিণ আফ্রিকা। চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে পাকিস্তান। চার পয়েন্ট নিয়েও নেট রান কম থাকায় চতুর্থ স্থানে বাংলাদেশ।

 

১৮৬ রানের টার্গেটে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরু থেকেই ছিল বিপর্যয়ে। বৃষ্টির পর নতুন টার্গেটেও খুব একটা চমক দেখাতে পারেনি পাক বোলারদের সামনে। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান আসে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমার ব্যাট থেকে। কুইন্ট ডি কক ও রাইলি রুশো ছুতে পারেননি দুই অঙ্কের রান।

মাঝে এইডেন মার্করাম (২০), হেইনরিচ ক্লাসেন (১৫) ও ট্রিস্টান স্টাবস (১৮) কিছুটা আশা জাগালেও লোয়ার অর্ডারে সবাই ছিলেন ব্যর্থ। বল হাতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। ব্যাট হাতে ঝোড়ো ফিফটি ও দুই উইকেট নেয়ার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন পাকিস্তানের শাদাব খান।


এর আগে ব্যাট করতে নেমে ব্যর্থ ছিলেন পাকিস্তানের দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। প্রথম ওভারেই পার্নেলের বলে বোল্ড রিজওয়ান (৪ বলে ৪ রান)। ওয়ান ডাউনে নামা মোহাম্মদ হ্যারিস খন্ড ঝড় তুলে বিদায় নেন নরটজের বলে। ১১ বলে দুই চার ও তিন ছক্কায় ২৮ রান করেন হ্যারিস। এরপর বিদায় নেন অধিনায়ক বাবরও। এনগিডির বলে রাবাদার হাতে ক্যাচ দেয়া পাক অধিনায়ক ১৫ বলে করেন মাত্র ৬ রান।

পাকিস্তানের স্কোর সমৃদ্ধ হয় মিডল অর্ডার ব্যাটারদের ঝড়ে। নরটজের বলে ২ রান করে শান মাসুদ আউট হওয়ার পর হাল ধরেন ইফতিখার ও মোহাম্মদ নওয়াজ। ২২ বলে চারটি চার ও এক ছক্কায় ২৮ রান করে শামসির বলে এলবিডব্লিউ হন নওয়াজ।

বাকি চিত্রনাট্যে ছিল শাদাব খানের ঝড়। সঙ্গে ছিলেন ইফতিখার। দুজনই হাঁকান ফিফটি। তাতেই চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছায় পাকিস্তান। ২২ বলে তিন চার ও চার ছক্কায় ৫২ রান করেন শাদাব খান। ৩৫ বলে তিন চার ও দুই ছক্কায় ৫১ রান করেন ইফতিখার আহমেদ।

বল হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ ওভারে ৪১ রানে চার উইকেট নেন এনরিখ নরটজে। একটি করে উইকেট নেন ওয়েন পার্নেল, ক্যাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও তাবারেজ শামসি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম