হঠাৎ অস্ট্রেলিয়া শিবিরে শুরু হয়েছে ইনজুরির মিছিল। ঘরের মাঠে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিলো ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ভারতের বিপক্ষে আসন্ন সিরিজেও খেলার কথা ছিল একই দলের। তবে হঠাৎ ইনজুরির শিকার হয়ে সেই দল থেকে ছিটকে গেছেন তিন অজি তারকা।
ইনজুরিতে পড়া তিনজনই অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের তারকা ক্রিকেটার। অলরাউন্ডার মিচেল মার্শ, পেসার মিচেল স্টার্ক এবং মার্কাস স্টোয়নিস।
বুধবার আইসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, মিচেল স্টার্ক পড়েছেন হাঁটুর ইনজুরিতে, মিচেল মার্শের গোড়ালির চোট আর সাইড ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন স্টোয়নিস।
ভারতের বিপক্ষে ২০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে পূর্ণ বিশ্রামে থাকবেন ইনজুরিগ্রস্ত তিন ক্রিকেটার।
ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম